News update
  • ECNEC Approves 8 Projects Worth Tk 2,266 Crore     |     
  • No Plan to Drop Bangla, History from Honours: Milon     |     
  • Global turmoil shadows Bonn climate talks     |     
  • Dhaka's air quality recorded ‘moderate’ Tuesday morning     |     
  • Court seeks Interpol red notices for 2 fugitives in Tonu killing     |     

সাকিব মামলা মোকাবিলা করে ফিরলে আমরা নমনীয় থাকব: ক্রীড়া প্রতিমন্ত্রী 

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-03-18, 2:47pm

tertrewrewrew-379bcdd8f541938f6bdd6e3c240483ce1773823623.jpg




বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফেরা ও দলে প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। তার বিরুদ্ধে থাকা মামলার অগ্রগতি না হওয়ায় আপাতত দেশে ফিরছেন না তিনি। তবে মামলা মোকাবিলা করে নির্দোষ প্রমাণিত হয়ে ফিরলে তার বিষয়ে সরকার নমনীয় অবস্থান নেবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে জড়িত। তার নামে থাকা মামলাগুলো ব্যক্তিগতভাবে মোকাবিলা করে যদি তিনি নির্দোষ হয়ে দেশে ফেরেন, তাহলে সে ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা হবে।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম সাকিবের দ্রুত দেশে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানান, সাম্প্রতিক সময়ে সাকিবকে ঘিরে যেসব কার্যক্রম চলছে, তা দ্রুত এগোচ্ছে। সেই বিবেচনায় অচিরেই তাকে দেশে দেখা যেতে পারে বলে মনে করছেন তিনি। 

আগামী এপ্রিলের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। তবে ওই সিরিজে সাকিবকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে নিশ্চিত নন ফাহিম। তিনি বলেন, সাকিব যেকোনো সময় দেশে ফিরতে পারেন এমন প্রত্যাশা রয়েছে। দলে থাকলে তার উপস্থিতি দলের শক্তি বাড়াবে বলেও উল্লেখ করেন তিনি।

ফাহিম আরও জানান, সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে তার খেলার ধরন, কোন সংস্করণে খেলবেন এবং কতদিন খেলবেন এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নির্বাচক প্যানেল, টিম ম্যানেজমেন্ট, ক্রিকেট বোর্ড এবং সাকিবের নিজস্ব মতামতের ভিত্তিতে। তবে সবার আগে দলের স্বার্থই অগ্রাধিকার পাবে বলে তিনি জোর দিয়ে বলেন।