
বরাবরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা। ঈদের আগমুহূর্তে তাই মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর শেষ মুহূর্তের প্রচারণা চলছে।
ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় তাকা সিনেমাগুলোর মধ্যে দর্শকদের আগ্রহের তুঙ্গে রয়েছে শাকিব খানের ‘রকস্টার’। এই ছবিতে নায়কের একাধিক লুক দর্শকের মনে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। মিউজিক্যাল রোমান্টিক ধাঁচের এই ছবিতে দ্বিতীয়বারের মতো শাকিবকে জুটি বাঁধতে দেখা যাবে সাবিলা নূরের সঙ্গে। এরই মধ্যে মুক্তি পেয়েছে ছবিটির একাধিক গান। তবে তেমন একটা সাড়া ফেলতে পারেনি গানগুলো।
ঈদে মাল্টিপ্লেক্সের দর্শকদের পছন্দের তালিকায় থাকতে পারে গুণী নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমাটি। নির্মাতার আগের ছবি ‘হাওয়া’ ব্যাপক সাড়া ফেলেছিল। মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনের প্রশংসা কুড়িয়েছে ‘রইদ’। এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার, ট্রেলার ও গান, যা দর্শকদের মুগ্ধ করেছে। মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষির অভিনয় দেখার অপেক্ষায় দর্শক।
এবারের ঈদে আরেক চমক ‘বনলতা সেন’। ছবিটির ট্রেলার আর গান দেখে অনেক দর্শকই নড়েচড়ে বসেছেন। মেধাবী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমাটিতে খায়রুল বাসার, মাসুমা রহমান নাবিলা, সোহেল মণ্ডলসহ একঝাঁক পরিচিত মুখ অভিনয় করেছেন।
বিগত কয়েক বছর ধরেই ঈদে মুক্তি পায় আদর আজাদের সিনেমা। এবারও তিনি হাজির হচ্ছেন শবনম বুবলীকে নিয়ে ‘পিনিক’ সিনেমার মাধ্যমে। এরই মধ্যে তাদের আইটেম গানটি দর্শক পছন্দ করেছে।
এ ছাড়া ঈদে মুক্তির তালিকায় রয়েছে গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিম ও ঢালিউড-বলিউডের জনপ্রিয় নায়ক আরিফিন শুভর সিনেমা ‘মালিক’। সাইফ চন্দন পরিচালিত হাইভোল্টেজ অ্যাকশনধর্মী সিনেমাটি ঘিরে এরইমধ্যে দর্শকদের মনে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।
একেবারে শেষ দিকে এসে মুক্তির ঘোষণা এসেছে আরেক সিনেমা ‘মাসুদ রানা’র। ট্রেলার দেখে বেশ আগ্রহের জন্ম দিয়েছে দর্শকদের মনে। সৈকত নাসির পরিচালিত ছবিটিতে নবাগত রাসেল রানা আইকনিক গোয়েন্দা চরিত্র মাসুদ রানার ভূমিকায় দর্শকের মন জয় করেছেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন পূজা চেরী।
মুক্তির মিছিলে আরও রয়েছে ববির হকের ‘তছনছ’, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারজয়ী সিনেমা ‘ইউনিভার্সিটি অব চাঙ্খারপুল’।
সব মিলিয়ে এবার ঈদে নানা স্বাদের সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। তবে শেষ পর্যন্ত কোন সিনেমাকে দর্শক সবচেয়ে বেশি আপন করে নেবে তা জানা যাবে ঈদের কয়েকদিনের মধ্যেই।