
শরৎ ও শীতের মধ্যবর্তী ঋতু হেমন্ত। প্রকৃতিতে এখন শীতের আগমনী বার্তা। দিনের বেলায় হালকা রোদের উষ্ণতা থাকলেও গভীর রাত থেকে ভোর পর্যন্ত বইছে মৃদু হিমেল বাতাস। সেইসঙ্গে পড়ছে হালকা কুয়াশা। শিশিরভেজা ঘাস আর সোনালি ধানখেত জানান দিচ্ছে শীতের আগমনের। এরই মধ্যে রোববার (২২ নভেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শীতের অনুভূতি আরও বেড়েছে উত্তরের জনপদে।
হিমালয়ের পাদদেশের উত্তরের শীতপ্রবণ জেলা নীলফামারীতে প্রতিবছরই শীতের তীব্রতা থাকে বেশি। এবারও হেমন্তের শুরু থেকেই ধীরে ধীরে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ। ভোরের ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু, মাঠজুড়ে সোনালি ধান আর কুয়াশার চাদর জানান দিচ্ছে শীত আসছে। তবে বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে আরও বেশি।
শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির দোকানগুলোতে। কোথাও কোথাও পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন দোকানিরা। খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত গাছিরাও। অন্যদিকে হেমন্তের সোনালি মাঠে পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা তবে আজ বৃষ্টির কারণে জমিতে কেটে রাখা ধান তলিয়ে গেছে বিপাকে পড়েছেন কৃষকরা।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে এ অঞ্চলে গড় তাপমাত্রা ছিল ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে এসেছিল এক হাজার থেকে এক হাজার ৮০০ মিটারে।