News update
  • Tarique Warns of Fresh Conspiracies, Vows to Defend Sovereignty     |     
  • National Revolution and Solidarity Day Today     |     
  • Tarique Rahman Pays Tribute at Zia, Khaleda’s Graves     |     
  • Dhaka’s air quality 4th worst in the world this morning     |     
  • US Launches Fresh Strikes on Iran Amid Peace Efforts     |     

চিলিতে দাবানলে নিহত বেড়ে ৯৯, জরুরি অবস্থা জারি

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-02-05, 9:04am

images-25-4cb27b360ede6d4ade56c906619cf64d1707102447.jpeg




চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, চিলির ভালপারাইসো অঞ্চলে দাবানলে অন্তত ৯৯ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা করবেন তিনি।

এদিকে চিলির আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, দাবানলে ৩ হাজার থেকে ৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দাবানল ছড়িয়ে পড়ার পর গত শনিবার ভিনা ডেল মার, লিমাচে, কুইলপু এবং ভিলা আলেমনায় কারফিউও জারি করা হয়।

এল অলিভারের ৬১ বছর বয়সী বাসিন্দা রদ্রিগো পুলগার এই দাবানলকে ‘নরক’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, আমি আমার প্রতিবেশীকে সাহায্য করার চেষ্টা করছিলাম। কিন্তু পরে বুঝতে পারি, দাবানলে আমার নিজের বাড়িটিও জ্বলতে শুরু করেছে। আমাদের ওপর ছাই বৃষ্টি হচ্ছিল। আমার প্রতিবেশী এই আগুনে মারা গেছে কারণ আমরা তাকে বের করতে পারিনি।

চিলির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, ভয়াবহ এই দাবানলে দেশটির ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে এই দাবানল আরও তীব্র রূপ ধারণ করেছে। তাপমাত্রা ইতোমধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

ভালপারাইসো অঞ্চলের অনেক অংশে আকাশ দাবানলের কারণে কালো ধোঁয়া ছেয়ে গেছে। চিলিতে প্রায় ১০ লাখ মানুষ বাস করে। দাবানল ছড়িয়ে পড়ার পর অগ্নিনির্বাপক কর্মীরা হেলিকপ্টার এবং ট্রাক ব্যবহার করে আগুন নেভানোর জন্য লড়াই করছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।