
মাঘের শেষদিকে আবারও বেড়েছে শীতের দাপট। একদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ কমেছে প্রায় ৩ ডিগ্রি। এ অবস্থায় আবহাওয়া দফতর বলছে, দেশের ৪ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া দফতরের তথ্যমতে, শনি ও রোববার (৭-৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দু’দিনে ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
বর্তমানে পঞ্চগড়, মৌলভীবাজার, রাজশাহী ও পাবনা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জানিয়ে আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহের এমন দাপট থাকতে পারে। তবে শনি ও রোববার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আগামী সোম, মঙ্গল ও বুধবার (৯-১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত নদী অববাহিকায় কুয়াশার দাপট প্রায় একই রকম থাকতে পারে।
তবে বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।