News update
  • COP31 Update: Developing Nations Demand Action, Reject      |     
  • Bangladesh Beat Sri Lanka 4-0 to Top Group     |     
  • PM, Chinese vice-president discuss investment, climate cooperation     |     
  • Shafiqur challenges Salahuddin over foreign intelligence agency link claim     |     
  • 372 armed attacks kill 316 in CHT over five years: Salahuddin     |     

ইরানের সঙ্গে শান্তি চুক্তি চায় যুক্তরাষ্ট্র, তবে মূল বাধা ‘গভীর অবিশ্বাস’

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2026-10-20, 5:16pm

ttm_byaaraak-d68d522a628d980f85659199db3777701792495019.jpg




হরমুজ প্রণালিতে চলমান সংকট নিরসনে ইরানের সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গভীর পারস্পরিক অবিশ্বাসই এই কূটনৈতিক প্রচেষ্টায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। কাতারের দোহায় আয়োজিত ‘গ্লোবাল সিকিউরিটি ফোরাম’-এ বক্তব্য রাখার সময় তিনি এই কথা জানান। খবর আল জাজিরার।

টম ব্যারাক বলেন, যুক্তরাষ্ট্র একটি শান্তি চুক্তি চায়। কিন্তু আলোচনা শুরু হওয়া থেকে এখন পর্যন্ত মূল যে সংকট দেখা গেছে, তা হলো বিশ্বাসের চরম অভাব। ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না, আর যুক্তরাষ্ট্রও আইআরজিসি-কে বিশ্বাস করে না।  

আলোচনার সফলতার জন্য টম ব্যারাক এমন একটি সমাধানের ওপর জোর দেন, যা উভয় পক্ষের নিজ নিজ স্বার্থ রক্ষা করতে সক্ষম হবে।

গত জুনে বাতিল হয়ে যাওয়া ‘ইসলামাবাদ চুক্তি’ পুনরায় জীবিত করার বিষয়ে জানতে চাওয়া হলে ব্যারাক স্পষ্ট জানান, সেখানে নতুন করে শুরুর প্রয়োজন নেই। পরিবর্তে, একটি বিস্তৃত চুক্তির ভিত্তি হিসেবে হরমুজ প্রণালিতে অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রস্তাব দেন তিনি।

ব্যারাক যোগ করেন, যেকোনো সম্ভাব্য সমঝোতায় প্রণালিতে যুদ্ধবিরতির পাশাপাশি সাধারণ ইরানি জনগণের ওপর চলমান অর্থনৈতিক চাপ কমানোর কার্যকর পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকা উচিত।  

কূটনৈতিক এই প্রক্রিয়ার শেষ লক্ষ্য তুলে ধরে মার্কিন বিশেষ দূত বলেন, সংকট কাটিয়ে উঠতে অর্থনৈতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতাই হলো একমাত্র উত্তর।