News update
  • November 7 Declared a Public Holiday Every Year     |     
  • LPG Shortage, Overcharging Hit Consumers Across Dhaka     |     
  • Energy, investment, Rohingya issue to top Bangladesh-Indonesia talks      |     
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে যা জানাল রাশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2024-11-06, 7:45pm




মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক ‘রিসেট’ বা পুনঃস্থাপনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রভাবশালী প্রধান কিরিল দিমিত্রিয়েভ।

বুধবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় ঘোষণার পর এই মন্তব্য করেছেন তিনি।

কিরিল দিমিত্রিয়েভ বলেন, প্রচারণার সময় তাদের বিরুদ্ধে ব্যাপকভাবে ভুয়া তথ্য ছড়ানোর পরও প্রেসিডেন্ট নির্বাচন ও সিনেটে ট্রাম্পের দল জিতেছে। মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সুযোগ তৈরি হয়েছে।

গোল্ডম্যান স্যাচের সাবেক এই ব্যাংকারের সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের সম্পর্ক ছিল। তিনি বলেন, রিপাবলিকান শিবিরের অর্জিত বিজয়ের মাধ্যমে এটা পরিষ্কার হয়েছে যে, আমেরিকানরা নজিরবিহীন মিথ্যাচার, অদক্ষতা ও বাইডেন প্রশাসনের বিদ্বেষে ক্লান্ত।

১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর মস্কো এবং পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের সূত্রপাত করেছে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার শুরু করা যুদ্ধ। ইউরোপের এই সংকট রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বলেছেন, বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সম্পর্ক বর্তমানে স্নায়ুযুদ্ধের সময়কালীন খারাপ পরিস্থিতিতে পৌঁছেছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমালা হ্যারিসকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হারিয়েছেন।

এর পরপরই ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। ভাষণে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন তিনি। এই বিজয়কে হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর ঐতিহাসিক রাজনৈতিক প্রত্যাবর্তন বলে উল্লেখ করেছেন ট্রাম্প। আরটিভি