News update
  • COP31 Update: Developing Nations Demand Action, Reject      |     
  • Bangladesh Beat Sri Lanka 4-0 to Top Group     |     
  • PM, Chinese vice-president discuss investment, climate cooperation     |     
  • Shafiqur challenges Salahuddin over foreign intelligence agency link claim     |     
  • 372 armed attacks kill 316 in CHT over five years: Salahuddin     |     

সংকট নিরসনে ইউজিসির কমিটি গঠন, নেই চুয়েটের কোনো প্রতিনিধি

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-10-20, 3:17pm

img_20261020_151438-32b06efe72ba6c71499a05de03b4c4a31792487858.jpg




চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে সংকট সমাধানের উদ্যোগে গঠিত এই কমিটিতে চুয়েটের কোনো শিক্ষক বা প্রতিনিধিকে রাখা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কমিটি গঠন করা হয়।

কমিটির প্রধান করা হয়েছে ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুনকে। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী।

ইউজিসি সূত্রে জানা গেছে, চুয়েটের অচলাবস্থা নিরসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে করণীয় বিষয়ে পরামর্শ দেওয়ার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। তবে সংকট নিরসনের জন্য গঠিত কমিটিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

এ অবস্থার মধ্যেই শুক্রবার (১৬ অক্টোবর) অনলাইনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আহ্বান করেন উপাচার্য। ওই সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই ইউজিসি পরামর্শক কমিটি গঠন করেছে বলে জানা গেছে। তবে সিন্ডিকেট সভায় চুয়েটের কোনো প্রতিনিধি না থাকার অভিযোগের পাশাপাশি সংকট নিরসনে গঠিত কমিটিতেও বিশ্ববিদ্যালয়টির কাউকে অন্তর্ভুক্ত না করায় আপত্তি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

চুয়েট শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির বলেন, চুয়েটের সমস্যা নিরসনে গঠিত কমিটিতে চুয়েটেরই কেউ নেই। এর থেকেও বড় প্রশ্ন হলো, যে সিন্ডিকেট সভার সিদ্ধান্তের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে, সেই সভারই বৈধতা কতটুকু? কারণ, ওই সিন্ডিকেট সভাতেও চুয়েটের কেউ ছিলেন না।