News update
  • Trump reviews peace plan; UN calls for Hormuz to reopen     |     
  • SC upholds Ex-Chief Justice Khairul Haque’s bail in 5 cases     |     
  • Rosatom DG Alexey Likhachev meets PM Tariqur Rahman     |     
  • White House says Iran’s new proposal to end war ‘being discussed’     |     

জানা গেল ডিপিএল শুরুর সময়

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-04-28, 11:45am

bcb-2e176c4d6ea6098643f4c1bd757f7c171777355105.jpg




দলবদল শেষে অপেক্ষা ছিল চূড়ান্ত সূচির। কবে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), তা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে ডিপিএলের সময়সূচি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ডিপিএলের ২০২৫-২৬ মৌসুম। যা শেষ হবে ১১ জুন।

লিস্ট ‘এ’ মর্যাদার এই টুর্নামেন্টে ১২টি ক্লাব অংশ নেবে— আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লেজেন্ডস অফ রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব, ঢাকা লিওপার্ডস।

বিসিবি জানিয়েছে, আসন্ন ডিপিএলের খেলাগুলো দেশের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে এবারের মৌসুমে ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে ৬৬টি ম্যাচের সঙ্গে রেলিগেশন লিগে হবে তিনটি ম্যাচ।

এবার সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা হবে। বাদ দেওয়া হয়েছে সুপার লিগ। শুরুতে বলা হয়েছিল, রেলিগেশন থাকবে না। তবে, প্রথম বিভাগে নেমে যাওয়া দল চূড়ান্ত করতে রেলিগেশন লিগের লড়াই হবে।

টুর্নামেন্টকে সামনে রেখে গত ১৮ ও ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় দলবদল। শিগগিরই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিসিবি।