News update
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     
  • Five new faces set to take oath as cabinet members     |     

ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-05-15, 8:24am

ertewr3423-d67afc829265257bf72eddf942aaaec11778811855.jpg




ময়মনসিংহের গফরগাঁওয়ে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। 

তিনি বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো খেলাধুলা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে কান্দিপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে অতি শিগগিরই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হবে। এ কর্মসূচির মাধ্যমে গ্রামের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা অন্বেষণ করে তাদের জাতীয় পর্যায়ে তুলে আনার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) উম্মে হাবীবা মীরা, সহকারী পরিচালক মোহাম্মদ জামিলুর রহমান এবং গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এনএম আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের ক্রীড়া ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তৃণমূল পর্যায়ের অনেক প্রতিভাবান খেলোয়াড় বঞ্চিত হয়েছেন।

এর আগে প্রতিমন্ত্রী গফরগাঁও থানার চরআলগী ইউনিয়ন ও পাগলা থানার দত্তের বাজার ইউনিয়নের কন্যা মণ্ডল এলাকায় মাল্টিপারপাস স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

ফাইনাল খেলায় কেবিএন স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দত্তরবাজার অগ্রণী বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।