
আফগানিস্তানকে রান পাহাড়ে পিষ্ট করার মঞ্চটা ঢাকা টেস্টের দ্বিতীয় দিনেই সাজিয়ে রেখেছিল বাংলাদেশ। সেই মঞ্চটা আরও রাঙ্গিয়ে তুলেছেন নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত এক সেঞ্চুরির মাধ্যমে। সেই সঙ্গে জাকির হোসেন আর মুমিনুল হকের দুর্দান্ত দুটি ফিফটি। সব মিলিয়ে রেকর্ড রান তাড়া করে যে আফগানিস্তানকেজিততে হলে যে রেকর্ড রান তাড়া করতে হবে সেটি বলার আর অবকাশ রাখে না।
মধ্যাহ্ন বিরতির পর পরপর দুই উইকেট হারালেও রানের চাকা সচল রেখেছে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬২ ওভার ব্যাটিং করে দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটের খরচায় ৩৩২ রান। লিড ৫৬৮ রানের।
৯৫ বলে ৭৯ রানে অপরাজিত রয়েছেন মুমিনুল হক। তাকে উইকেটের অপরপ্রান্ত থেকে ১৮ রানে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক লিটন দাস।
এক উইকেটের বিনিময়ে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে নাজমুল হোসেন শান্ত আর জাকির হোসেন টেস্ট মেজাজ ভুলে মারকুটে ব্যাটিং করতে থাকেন। শান্ত ব্যাক টু ব্যাক সেঞ্চুরির দেখা পেলেও ভুল বোঝাবুঝিতে ৭১ রানেই রান আউট হয়ে সাজঘরে ফিরে যেতে হয় জাকিরকে।
ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি আর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি তুলে নিয়ে থামেন শান্ত। জাহির খানের শিকার বনে মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ১২৪ রান।
রানের গতি বাড়াতে গিয়ে অধৈর্য্য হয়ে রিভার্স সুইপ মারতে গিয়ে ৮ রানেই থামেন মুশফিক।
মুশি থামলেও উইকেট আগলে ধরে ব্যাটিং চালিয়ে যেতে থাকেন মুমিনুল হন। ক্যারিয়ারের ১৭ তম অর্ধশতক বাগিয়ে নেয়ার পাশাপাশি ব্যাট ছোটান শতকের দিকে।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৮২ রানের জবাবে ১৪৬ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। তথ্য সূত্র আরটিভি নিউজ।