News update
  • Ensure no fascist force can ever use police against people: PM     |     
  • 5 BNP, Jamaat men held in Kushtia for seeing drug dealer’s release     |     
  • Japan views Bangladesh as key dev partner: Jamaat Ameer     |     
  • Credit cards emerge as a financial lifeline for middle-class     |     
  • Call for a radical shift to solar, LNG to overcome energy crisis     |     

শরিফুলের পেশোয়ারের কাছে হারল রিশাদের রাওয়ালপিন্ডি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-03-29, 8:50am

rtrtertre-6549c6061ba347f36340691e4c6554d11774752610.jpg




পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডি পিন্ডিজ। ম্যাচে পেশোয়ার ৫ উইকেটে হারিয়েছে রাওয়ালপিন্ডিকে। এ ম্যাচে খেলেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন। 

পেশোয়ারের হয়ে ৪ ওভারে ৩১ রান খরচ করে উইকেট পাননি শরিফুল। তবে রাওয়ালপিন্ডির হয়ে ৪ ওভার বল করে ৩৫ রানে ১ উইকেট শিকার করেন রিশাদ। 

লাহোরে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে রাওয়ালপিন্ডি। ওপেনার ইয়াসির খানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান করে রাওয়ালপিন্ডি। ৭ চার ও ৬ ছক্কায় ৪৬ বলে ৮৩ রান করেন ইয়াসির। 

পেশোয়ারের হয়ে আলি রাজা ২ উইকেট নেন। রাওয়ালপিন্ডির ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই বল হাতে আক্রমনে আসেন শরিফুল। ঐ ওভারে ৭ রান দেন তিনি। এরপর পরের তিন ওভারে যথাক্রমে- ৮, ৫ এবং ১১ রান খরচ করেন তিনি। ৪ ওভার বল করে ৭.৭৫ ইকোনমিতে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন শরিফুল।

জবাবে ব্যাটারদের ছোট-ছোট ইনিংসের সুবাদে ৫ বল বাকী থাকতে ৫ উইকেটে ২১৮ রান তুলে জয়ের স্বাদ পায় পেশোয়ার। মোহাম্মদ হারিস ২৮ বলে ৪৭, অধিনায়ক বাবর আজম ২৮ বলে ৩৯, আব্দুল সামাদ ১১ বলে ৩৩ এবং মাইকেল ব্রেসওয়েল ১৭ বলে অপরাজিত ৩৫ রান করেন। ১৫তম ওভারে ১৩০ রানে চতুর্থ উইকেট পতনের পর ২৩ বলে ৬৪ রানের জুটিতে দলের জয়ে বড় অবদান রাখেন সামাদ ও ব্রেসওয়েল। 

পেশোয়ারের ব্যাটিং ইনিংসের সপ্তম ওভারে প্রথম বোলিংয়ে আসেন স্পিনার রিশাদ। ঐ ওভারে মাত্র ৫ রান দেন তিনি। দ্বিতীয় ওভারে ৯ রান দিলেও উইকেট পাননি তিনি। 

ইনিংসের ১৪তম ও নিজের তৃতীয় ওভারের তৃতীয় বলে পেশোয়ারের অ্যারন হার্ডিকে ৮ রানে আউট করেন রিশাদ। ঐ ওভারে ৪ রান দেন তিনি। দারুণ বোলিংয়ে প্রথম তিন ওভারে ১৭ রানে ১ উইকেট নেন রিশাদ। নিজের চতুর্থ ওভারে অবশ্য ব্যয়বহুল ছিলেন রিশাদ। ২টি ছক্কা ও ১টি চারে ১৮ রান দেন তিনি। ৪ ওভারে ৩৫ রানে ১ উইকেট শিকার করেন রিশাদ।