News update
  • BD, EU to sign Partnership Coop Agreement (PCA) Monday     |     
  • Missed opportunities, institutional failures mark BD reforms     |     
  • Telcos Seek Priority Power, Fuel to Avert Outages     |     
  • IFRC, BDRCS 6-Month Lifesaving Response to Measles Cases     |     
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     

চীন যাচ্ছেন মির্জা ফখরুল ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-04-19, 6:38pm

retrefewrwerw-d98850e2988f359e45eec1175a716def1776602311.jpg




রাজনৈতিক ও কূটনৈতিক দ্বিমুখী গুরুত্ব নিয়ে চীন সফরে যাচ্ছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। 

রোববার (১৯ এপ্রিল) রাতে মির্জা ফখরুল বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন; যার ঠিক একদিন পরই একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। 

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফরে গেছে। প্রতিনিধিদলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিং গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন। বেইজিংয়ে সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিংয়ের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধিদলটি। 

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সফরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক সংহতি এবং বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার সম্ভাবনা রয়েছে।

সরকারের এক কর্মকর্তা বলেন, নতুন সরকারের সঙ্গে যোগাযোগ বাড়াতে চায় চীন। বিএনপি সরকার গঠনের পর চীনে এটিই প্রথম রাজনৈতিক সফর। এ সফর রাজনৈতিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি ভূরাজনীতি বিবেচনায়ও তাৎপর্যপূর্ণ। বিএনপি মহাসচিব যাচ্ছেন; তার পর প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা চীন সফরে যাবেন। সামনে আরও কিছু সফর হতে পারে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুদিনের সফরে সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বেইজিং যাচ্ছেন। তিনি সেখানে অনুষ্ঠেয় ‘থার্ড হাই-লেভেল কনফারেন্স অব দ্য ফোরাম অন গ্লোবাল অ্যাকশন ফর শেয়ারড ডেভেলপমেন্ট’ শীর্ষক সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ফোরামে তিনি বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সফর নিয়ে সরকারের এক কর্মকর্তা বলেন, এই ফোরাম অনেকটা একাডেমিকেন্দ্রিক হলেও রাজনৈতিক গুরুত্বও রয়েছে। বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই) নিয়ে চীনের যে ধারণা আছে, সেটি তারা বিভিন্ন ফোরামের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে। এই ফোরামে জিডিআই-এর বিষয়টি আসবে বলে ধারণা করা হচ্ছে।

বেইজিংয়ে ২১-২২ এপ্রিল পর্যন্ত এ সম্মেলন চলবে। সম্মেলনের লক্ষ্য হলো, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার আহ্বান জানানো এবং বৈশ্বিক উন্নয়নকে সহজতর করা। এ ২০ জনেরও বেশি বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধি সশরীরে উপস্থিত থাকবেন।

মির্জা ফখরুলসহ বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটি আগামী ২২ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে। 

অন্যদিকে, ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার দেশে ফেরার কথা।