
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও কারাগারে অন্তরীণ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদকে জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আজ সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথমদিন কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী এ সংক্রান্ত প্রাপ্ত পত্রটি পাঠ করে স্পিকার সংসদ সদস্যদের গাজী নজরুলের গ্রেপ্তার ও কারাগারে থাকার বিষয়টি অবহিত করেন।
গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় জানিয়ে স্পিকার বলেন, ওই জিডি মূলে শেরেবাংলা নগর থানা পুলিশের একটি দল মানিক মিয়া অ্যাভিনিউ এলাকার ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
পরে সাতক্ষীরার শ্যামনগর থানার ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৬ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) দায়ের করা একটি মামলার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যায়। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে গত ২১ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। গ্রেপ্তারের পর তাকে ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দি।