News update
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Wednesday      |     
  • RMG Workers' Minimum Wage Raised 36% to Tk 17,000     |     
  • Decades of gains against AIDS could unravel as HIV funding dries up     |     
  • Five women killed every hour by partners or family members     |     
  • Five Auto-Rickshaw Passengers Killed in Cox’s Bazar Crash     |     

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১৫, বন্ধ ২২ কারখানা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-11-25, 11:50am

saabhaar-90a1b2199e5b778d3b55b8d63b4e3d471795585841.jpg




ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের পরও শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ কাটেনি। আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, নতুন মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে সকালে সাভারের পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপ ও ব্যাবিলন গ্রুপের শ্রমিকরা রাস্তায় নেমে এলে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা পাল্টা ইটপাটকেল ছুড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে পুলিশসহ ১৫ জন আহত হন।

অন্যদিকে আশুলিয়ায় কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন নিউ এইজ গ্রুপের শ্রমিকরা। এছাড়া কাঠগড়া এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।

এমন পরিস্থিতিতে শিল্পাঞ্চল সাভারে শ্রম আইনের ১৩ (১) ধারায় ১১টি কারখানা বন্ধ ও ১২টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে শ্রম আইনের ১৩ (১) ধারায় হা-মীম গ্রুপ ও এনভয় গ্রুপসহ মোট ২২টি তৈরি পোশাক কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর ফলে ধর্মঘটে অংশ নেওয়া এসব কারখানার ৫০ হাজারের বেশি শ্রমিক কোনো মজুরি পাবেন না। তবে এর বাইরে অধিকাংশ প্রতিষ্ঠানেই উৎপাদনের পরিবেশ স্বাভাবিক রয়েছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে এবং জলকামান ও সাঁজোয়া যান (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে।

সাধারণ শ্রমিকরা জানান, ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করায় তাদের জীবনে কিছুটা স্বস্তি আসবে। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়িভাড়া বৃদ্ধি পেলে বাড়তি মজুরি কোনো কাজেই আসবে না। এ বিষয়ে বাড়ির মালিকদের প্রতি সরকারের নজরদারির দাবি জানিয়েছেন তারা।

শিল্প পুলিশ-১-এর তথ্য অনুযায়ী, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে মোট ৭৩৬টি তৈরি পোশাক কারখানা রয়েছে, যার মধ্যে ৪৭০টি রপ্তানিমুখী। অধিকাংশ প্রতিষ্ঠানেই উৎপাদন স্বাভাবিক থাকলেও বহিরাগতদের হামলার আশঙ্কায় শিল্পাঞ্চলে চাপা আতঙ্ক বিরাজ করছে।