News update
  • Cyclone Murasu to cross Andhra Pradesh coast tonight     |     
  • Wage Board to set RMG workers’ minimum wage soon: Salahuddin     |     
  • Garment workers continue demonstrations in Gazipur, BGB deployed     |     
  • Dhaka ranks 4th in global list of cities with worst air quality     |     
  • Wage Board labour reps seek release of detained workers     |     

আগারগাঁও–শাহবাগ অংশে বন্ধ হয়ে গেল মেট্রোরেল চলাচল

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-10-30, 7:24am

img_20251030_072231-128713972928b20ef236b1dc631333f71761787484.jpg




রাজধানীতে বিয়ারিং প্যাড পড়ে গিয়ে ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে কিছুটা কম্পন হচ্ছে, তাই মেট্রোরেলের আগারগাঁও থেকে শাহবাগ অংশে আবার ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলাচল অব্যাহত আছে।

বুধবার (২৯ অক্টোবর) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে রাত সোয়া নয়টা থেকে আগারগাঁও থেকে শাহবাগ অংশে মেট্রো চলাচল বন্ধ করা হয়েছে। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, বুধবার ফার্মগেটে দুর্ঘটনাস্থলে ট্রেন চলার সময় কিছুটা কম্পন অনুভব করেন চালক। পরে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এরপরই এই অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

সময়সূচি অনুসারে, উত্তরা উত্তর স্টেশন থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়। অন্যদিকে মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশনের দিকে ছেড়ে যায় ১০টা ১০ মিনিটে। ফলে আজ আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রোরেল চালু হবে না বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।

এর আগে, গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এ ঘটনায় আবুল কালাম নামের এক যুবক মারা গেছেন। এরপর মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

পরে বেলা তিনটার দিকে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যা সোয়া সাতটার দিকে মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়। তবে পুরো পথে মেট্রোরেল চালু হলেও ফার্মগেটে দুর্ঘটনাস্থলে তিন দিন ধরে ধীরগতিতে চলছে মেট্রোরেল। সতর্কতার অংশ হিসেবেই দুর্ঘটনাস্থলে গতি কমিয়ে চালানো হয় বলে মেট্রোরেল সূত্রে জানা গেছে।