News update
  • Tarique Warns of Fresh Conspiracies, Vows to Defend Sovereignty     |     
  • National Revolution and Solidarity Day Today     |     
  • Tarique Rahman Pays Tribute at Zia, Khaleda’s Graves     |     
  • Dhaka’s air quality 4th worst in the world this morning     |     
  • US Launches Fresh Strikes on Iran Amid Peace Efforts     |     

নেতানিয়াহুকে পেছনে ফেলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট

গ্রীণওয়াচ ডেস্ক গনতন্ত্র 2026-11-08, 8:36am

afp_20261027_d4mc79f_v1_highres_israelvote_0-b164ae0b297cbbd4d96bd6ddebf963ba1794105399.jpg

২৮ অক্টোবর ভোররাতে তেল আবিবে আয়োজিত নির্বাচনি রাতের সমাবেশে ‘ইয়াশার’ দলের নেতা গাদি আইজেনকোট প্রথম এক্সিট পোল বা বুথফেরত জরিপের ফলাফল ঘোষণার পর তার সমর্থকদের উদ্দেশ্যে ইশারা করছেন। ছবি: এএফপি



ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব বিরোধী নেতা গাদি আইজেনকোটকে দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে স্থানীয় সময় শনিবার (৭ নভেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রোববার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে আইজেনকোটের হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়া হবে। খবর আল জাজিরার। 

গত ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট। আইজেনকোটের পক্ষে আরব নেতৃত্বাধীন দলগুলোসহ ৬৭ জন আইনপ্রণেতা সমর্থন দিয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে ছিলেন ৪৬ জন।

সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো যেতে পারে। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন।

নির্বাচনে আইজেনকোটের চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।

তবে আরব দলগুলোকে নিয়ে সরকার গঠন করতে চান না বলে আগেই জানিয়েছেন আইজেনকোট। এ অবস্থায় অতি-গোঁড়া ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা ৬১ হবে।

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা.

আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধান ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর প্রথম আট মাস তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

আরব নেতৃত্বাধীন দলগুলোর জোট জয়েন্ট লিস্টের জ্যেষ্ঠ নেতা আহমদ তিবি বলেছেন, প্রেসিডেন্টের সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল। তার মতে, আরব দলগুলোর সমর্থন আইজেনকোটকে সরকার গঠনের ক্ষেত্রে বাড়তি সুবিধা দেবে। নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আরব দলগুলো আইজেনকোটকে সমর্থন করছে বলেও জানান তিনি।

তিবির ধারণা, আরব দলগুলোর বাইরে থেকে সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন করতে পারেন আইজেনকোট। তবে এ ধরনের সরকার আরব দলগুলোর আদর্শ পছন্দ না হলেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকে সরানোই তাদের অগ্রাধিকার।

এদিকে, প্রেসিডেন্টের সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু সতর্ক করে বলেন, আরব দলগুলোর সমর্থনে বিরোধীরা সরকার গঠন করলে ইসরায়েল ভেঙে পড়বে। তিনি এমন সরকারকে ‘ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল’ বলেও মন্তব্য করেন।

জবাবে আহমদ তিবি নেতানিয়াহুর বিরুদ্ধে সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগ তোলেন। তার দাবি, পশ্চিম তীর ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি চরমপন্থীদের সহিংসতার প্রতি নেতানিয়াহু সমর্থন দিয়ে আসছেন।

আইজেনকোট নির্ধারিত সময়ে সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য একজনকে দায়িত্ব দিতে পারবেন। দ্বিতীয় প্রার্থীও ব্যর্থ হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য তৃতীয় কাউকে সমর্থন জানাতে পারবেন। শেষ পর্যন্ত কেউ সরকার গঠন করতে না পারলে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। সে সময় পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।