News update
  • Sri Lanka urges Pakistan to reconsider India match     |     
  • Centre of World Cup storm Mustafizur lands PSL deal with Lahore     |     
  • BNP and Jamaat election camps vandalized in Gazipur     |     
  • Dhaka requests UN rights office investigation into Hadi murder     |     
  • Bangladesh establishes formal diplomatic ties with Grenada     |     

পাচার হওয়া টাকা ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে উদ্ধার করবো: জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-02-06, 5:14pm

c0c3237d1b38258e1b95ab54e13026733f8245a467d9bd06-1-096282e9905d80aabf5bb48faa1869251770376465.jpg




বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২৮ লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে সেই টাকা উদ্ধার করবো ইনশাআল্লাহ। উদ্ধার করা অর্থ রাষ্ট্রীয় তহবিলে জমা দিয়ে সবচেয়ে বঞ্চিত এলাকাগুলো থেকেই উন্নয়নের যাত্রা শুরু হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ৫৪ বছরের রাজনৈতিক ব্যবস্থায় দেশ দুর্নীতি, চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলা বাণিজ্য, ফ্যাসিবাদ ও বিচারহীনতার উপহার পেয়েছে। আমরা এই বাংলাদেশ পাল্টে নতুন বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে ব্যাংক লুট, শেয়ারবাজার কেলেঙ্কারি ও উন্নয়ন প্রকল্পের নামে বিদেশে অর্থ পাচারের সুযোগ আর কাউকে দেয়া হবে না। আমরা নিজেরা দুর্নীতি করি না, কাউকে করতেও দেবো না। চাঁদাবাজিকে ঘৃণা করি, মামলা বাণিজ্যের সুযোগ থাকবে না।

নিজের রাজনৈতিক দর্শন তুলে ধরে জামায়াত আমির বলেন, আমার বাড়ি সারা বাংলাদেশ। যেখানে প্রয়োজন, সেখানেই পৌঁছে যাওয়া আমার দায়িত্ব।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট চেয়ে তিনি বলেন, হ্যাঁ জিতলে বাংলাদেশ জিতবে। হ্যাঁ মানে আজাদী। আর না মানে গোলামী।

বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসাহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। আরও বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদসহ জেলার অন্যান্য আসনের প্রার্থীরা।

সভা শুরুর আগে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী জনসভাস্থলে উপস্থিত হন। জনসভা শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে যায় বাউফল পাবলিক মাঠ।