
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল। তারা বলেন দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক। আহ্ এটা কোন ইনসাফ? দাঁড়িপাল্লার পাল্লা তো দুইটা দেখি। যার এক পাল্লায় দেখি গোপনে আমেরিকা আরেক পাল্লায় দেখি গোপনে ভারত।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।
আসন্ন নির্বাচনে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত কেউ বলেনি আমরা ইসলামভিক্তিক রাষ্ট্র পরিচালনা করব। তারা বলেছে প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। আমরা বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি বিজয়ী হয়, তাহলে আমরা ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব।
তিনি আরও বলেন, প্রচলিত এই আইনের কারণেই আমাদের এই দেশটা পাঁচবার দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ান হয়ে চোরের দেশে পরিণত হয়েছে। এদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের সন্তানগুলো কোলহারা হয়েছে। প্রচলিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে নতুন কিছু দেওয়া সম্ভব নয়।
এ সময় হাতপাখা প্রতীকে ভোট চেয়ে চরমোনাই পীর বলেন, ‘হাতপাখা প্রতীকের পক্ষে যদি একটা ভোট পড়ে তাহলে ইসলামের পক্ষে একটা শক্তি বাড়ে।’ তাই নতুন ভোটারসহ সব শ্রেণি-পেশার মানুষকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার, হাবিবুর রহমান মিসবাহ, পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, বাউফল উপজেলার সদস্যসচিব আলহাজ আবুল হোসেন হাওলাদার, মাওলানা নুরুল আমিন প্রমুখ।