News update
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Wednesday      |     
  • RMG Workers' Minimum Wage Raised 36% to Tk 17,000     |     
  • Decades of gains against AIDS could unravel as HIV funding dries up     |     
  • Five women killed every hour by partners or family members     |     
  • Five Auto-Rickshaw Passengers Killed in Cox’s Bazar Crash     |     

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2026-10-27, 3:52pm

img_20261027_155143-935c70b99e3a7e7446365eef893325f71793094744.jpg




চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। একই সঙ্গে ২৬ অক্টোবর ফল প্রকাশের সময়, পদ্ধতি ও ফল জানার উপায় নিয়ে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কথা ছিল। তবে নির্ধারিত সময়ে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

এদিকে, সোমবার (২৬ অক্টোবর) থেকে ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ফল প্রকাশের প্রস্তুতি থাকলেও এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদন নেওয়া সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘৩১ অক্টোবরে এইচএসসির ফল প্রকাশিত হবে বলে জেনেছি। কিন্তু এখনো আমি কোনো সুনির্দিষ্ট তথ্য পাইনি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ফলাফল প্রকাশের ব্যাপারে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, অনিবার্য কারণে ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ২৯ অক্টোবর ফল প্রকাশ করা হবে না। আগামী ৩১ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, সাধারণত সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ফল ঘোষণা করেন। তবে এবার ফল প্রকাশের নির্দিষ্ট সময় ও পদ্ধতি সম্পর্কে আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর.

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।