ঢাকা, ১২ আশ্বিন (২৭ সেপ্টেম্বর): রোববার ছিল বিশ্ব পর্যটন দিবস। ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মহানগরীসহ সারাদেশে উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য র্যালি, সাইকেল শোভাযাত্রা, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গাইডেড সিটি ট্যুরসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও পর্যটনকেন্দ্রে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় পর্যটন-সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে নানা কর্মসূচি পালিত হয়েছে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে আয়োজিত এসব কর্মসূচিতে সংসদ সদস্যবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও সংগঠন, স্থানীয় জনগোষ্ঠী, গণমাধ্যম এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তাঁদের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতায় এবারের বিশ্ব পর্যটন দিবসের আয়োজন প্রাণবন্ত ও সফল হয়েছে।
দিবসটি যথাযথভাবে উদ্যাপন করতে সহযোগিতা করায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, স্থানীয় সরকারের প্রতিনিধিগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন খাতের অংশীজন, পেশাজীবী সংগঠন, উদ্যোক্তা, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে একটি নিরাপদ, টেকসই, আধুনিক ও জনবান্ধব পর্যটনশিল্প গড়ে তোলা হবে।