News update
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-10-05, 7:18am

photo-1-155958aaa9903cfd28bdfc8e4b9cdd4f1791163118.jpg




আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালাচ্ছে সৌদি আরব। এই অভিযানে মাত্র এক সপ্তাহে নয় হাজার ৯৯২ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশটির যৌথ নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে গত ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়। এই সাত দিনের অভিযানে মোট ১১ হাজার ৮১৯ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৫ হাজার ৭৯৩ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৩০৭ জন সীমান্ত নিরাপত্তা বিধান ভঙ্গকারী এবং ২ হাজার ৭১৯ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ট্রাভেল পারমিট বা আউটপাস সংগ্রহের জন্য ইতোমধ্যে ১৯ হাজার ৮৯৩ জন অভিবাসীকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশন বা দূতাবাসে পাঠানো হয়েছে। এছাড়া আরও ৪ হাজার ৯১ জন অভিবাসী নিজ দেশে ফিরে যাওয়ার চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করছেন। বর্তমানে ২৯ হাজার ৯৩৪ জন পুরুষ এবং ২ হাজার ২০৫ জন নারীসহ মোট ৩২ হাজার ১৩৯ জন বিদেশী নাগরিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্তে অনুপ্রবেশের চিত্র

অভিযান চলাকালে বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৮২ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে শতকরা ৬১ ভাগ ইথিওপিয়ার নাগরিক, ৩৮ ভাগ ইয়েমেনি এবং বাকি ১ ভাগ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে আরও ৩২ জনকে হাতেনাতে আটক করা হয়। এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার অভিযোগে ১৯ জনকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে পুলিশ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ব্যক্তি যদি অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশে সহায়তা করে, পরিবহণ সুবিধা দেয়, বাসস্থান বা কোনো ধরনের আশ্রয় প্রদান করে, তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং এক মিলিয়ন (১০ লাখ) রিয়াল পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন ও আবাসন সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

এ ধরনের সন্দেহভাজন যেকোনো কর্মকাণ্ডের খবর আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দাদের ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলের বাসিন্দাদের ৯৯৯ বা ৯৯৬ নম্বরে কল করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।