News update
  • COP17: Can the World Deliver on Its Biodiversity Goals?     |     
  • Dhaka Ranks 8th in Global Pollution Index on Sunday     |     
  • Deadly Inani Beach Fire Exposes Gaps in Tourism Safety     |     
  • PM Tarique Rahman Pledges Inclusive Dev in Dialogue with Persons with Disabilities     |     
  • PM Inspects 13 Dhaka Sites, Sets Deadlines for Cleanliness     |     

সিডনি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশি বংশোদ্ভূত রাশেদ শ্রাবণ

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-10-18, 8:57am

1-c4ca4238a0b923820dcc509a6f75849b1792292278.jpg




অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি অব সিডনির বিজনেস স্কুল ফ্যাকাল্টি বোর্ডে পোস্টগ্র্যাজুয়েট রিসার্চ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলার নাগরিক, গবেষক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও সাংবাদিক রাশেদ শ্রাবণ। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে তার এক বছরের দায়িত্বকাল শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অফিসের নির্বাচন বিভাগ তার মনোনয়ন বৈধ ঘোষণা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। নির্বাচনি প্রক্রিয়ায় শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের পর তিনি নির্বাচিত হন।

১৮৫০ সালে প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব সিডনি দেশটির উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রথম প্রধানমন্ত্রী স্যার এডমন্ড বার্টন এবং সাবেক প্রধানমন্ত্রী গফ হুইটলাম, জন হাওয়ার্ড, টনি অ্যাবট ও ম্যালকম টার্নবুলসহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।

রাশেদ শ্রাবণ বর্তমানে অস্ট্রেলিয়ার সরকারি প্রশাসনে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি নীতিমালা বাস্তবায়ন, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, জনসেবা ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সুশাসনে তার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অব সিডনির বিজনেস স্কুলের স্কুল অব ওয়ার্ক অ্যান্ড অর্গানাইজেশনাল স্টাডিজে উচ্চতর গবেষণায় নিয়োজিত রয়েছেন।

তার গবেষণার বিষয় অস্ট্রেলিয়ার সরকারি প্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের অসদাচরণের শিকার কর্মীদের জন্য মানবসম্পদ ব্যবস্থাপনার সমন্বিত সহায়তা ব্যবস্থা বা ‘এইচআর বান্ডলস’। গবেষণাটিতে কর্মীদের সহায়তা ব্যবস্থার নকশা, বাস্তবায়ন ও কার্যকারিতা বিশ্লেষণ করা হচ্ছে।

সরকারি প্রশাসন ও গবেষণার পাশাপাশি সাংবাদিকতা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কর্মকাণ্ডেও সক্রিয় রাশেদ শ্রাবণ। তিনি এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি।

কমিউনিটি সেবা ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে ক্যান্টারবুরি-ব্যাংকসটাউন এলাকায় ‘সিটিজেন অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেন তিনি। এ ছাড়া ২০২১ সালে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি হিসেবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কাছ থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ইউনিভার্সিটি অব সিডনির বিজনেস স্কুল ফ্যাকাল্টি বোর্ডে নির্বাচিত হওয়ায় উচ্চতর গবেষণারত শিক্ষার্থীদের মতামত ও স্বার্থ তুলে ধরার সুযোগ পাবেন রাশেদ শ্রাবণ। গবেষণার পরিবেশ, একাডেমিক অভিজ্ঞতা এবং গবেষণাসংশ্লিষ্ট সুযোগ-সুবিধার উন্নয়নে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবেন তিনি।

এদিকে, তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের হায়ার ডিগ্রি বাই রিসার্চ (এইচডিআর) অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার। এক শুভেচ্ছা বার্তায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এইচডিআর অ্যাডমিনিস্ট্রেটিভ পোর্টফোলিও অফিসার শিব যাদব তাকে অভিনন্দন জানান।

নির্বাচিত হওয়ার পর রাশেদ শ্রাবণ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ অর্জন তার শিক্ষা, গবেষণা ও পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সরকারি প্রশাসনে অর্জিত অভিজ্ঞতা ও একাডেমিক গবেষণার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিবেশ এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক অবদান রাখার চেষ্টা করবেন তিনি। এ সময় তিনি শিক্ষক, গবেষণা তত্ত্বাবধায়ক, সহকর্মী, শিক্ষার্থী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।