
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারকালে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ২৭০ জন বাংলাদেশি ও ৪৭ জন রোহিঙ্গা রয়েছেন।
আজ রোববার (২৯ নভেম্বর) সকালে কক্সবাজারের টেকনাফ উপকূলের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে কোস্ট গার্ড তাদের উদ্ধার করে। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে মানবপাচারে ব্যবহৃত একটি কাঠের ট্রলার।
কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাগরপথে একটি কাঠের ট্রলারে করে বিপুলসংখ্যক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে উপকূলীয় এলাকায় নজরদারি শুরু করেন কোস্ট গার্ড সদস্যরা। একপর্যায়ে সন্দেহজনক ট্রলারটি শনাক্ত করে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত উপেক্ষা করে ট্রলারটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করতে সক্ষম হন কোস্ট গার্ড সদস্যরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ট্রলারটি নিয়ন্ত্রণে নেওয়ার পর তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়। পরিচয় যাচাই করে তাদের মধ্যে ২৭০ জন বাংলাদেশি ও ৪৭ জন রোহিঙ্গা বলে নিশ্চিত হয় কোস্ট গার্ড।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করে জানান, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় একটি কাঠের ট্রলার থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।