News update
  • Trump Says US-Iran Peace Deal Near, Tehran Cautious     |     
  • Qatar earn first ever World Cup point with late goal     |     
  • Vinicius earns Brazil draw with Morocco in World Cup opener     |     
  • PM urges every citizen to plant tree to ensure clean environment      |     
  • Indian Air Force AN-32 Transport Aircraft Crashes During Landing in Assam     |     

আনচেলত্তির বই পড়ে ব্রাজিলকে রুখে দিলো মরক্কো

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-14, 6:32am

img_20260614_063019-8d96ca4ee0ed0b85df3e17f1ab5118221781397165.jpg




ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই আশরাফ হাকিমি জানিয়েছিলেন কার্লো আনচেলত্তি সব বই পড়া হয়ে গেছে। আর মাঠেও সেই প্রমাণ দিলেন তিনি। ভিনি-রাফিনিয়াদের মতো বিশ্বমানের অ্যাটাকিং লাইন আপকে রুখে দিয়েছে মরক্কো। ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও মরক্কো।

রোববার (১৪ জুন) ভোরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে সেলেসাওরা। তবে ভিনিসিয়ূস জুনিয়রের দুর্দান্ত এক গোলে ১-১ গোলের সমতায় থেকেই বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নেইমারকে ছাড়া মরক্কোর বিপক্ষে খেলতে নামা ব্রাজিল শুরুতে ছিল ছন্নছাড়া। অন্যদিকে শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে থাকে মরক্কো। আর ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পেতে পারত আফ্রিকার দেশটি। বাম প্রান্ত থেকে ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণে উঠে তারা।

ব্রাজিলের ডি-বক্সে বল পেয়েও যান মরক্কোর তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। বলটি নিয়ন্ত্রণে নিয়ে পোস্ট লক্ষ্য করে শটও নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে দেয়াল হয়ে সামনে দাঁড়িয়ে যান সেলেসাও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

মরক্কোর শুরুর দাপট সামলে ক্রমেই ম্যাচে ফিরতে শুরু করে ব্রাজিল। সেলেসাওদের এক কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ এক সুযোগও তৈরি হয়েছিল। সতীর্থের দেওয়া লফটেড পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। সময়মতো লাফিয়েও উঠেছিলেন তিনি। কিন্তু বলের সঙ্গে ঠিকঠাক সংযোগ করতে পারেননি এই স্ট্রাইকার।

এদিকে ব্রাজিল কেবল গুছিয়ে উঠছিল, ঠিক এমন সময় ম্যাচের ২১তম মিনিটে কাঙ্ক্ষিত লিড পেয়ে এগিয়ে যায় মরক্কো। রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজের দেওয়া চমৎকার এক পাসে বল পেয়ে ব্রাজিলের জাল কাঁপান মরক্কোর ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

ভিনিসিয়ূসের দশম গোলে ব্রাজিলের স্বস্তি অবশ্য গোল খেয়ে পিছিয়ে পড়ার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলের। ঠিক ১১ মিনিট পর দুর্দান্ত এক একক নৈপুণ্যে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ূস জুনিয়র। 

ম্যাচের ৩২তম মিনিটে বাম প্রান্ত থেকে মরক্কোর এক ডিফেন্ডারকে দারুণ ড্রিবলিংয়ে কাটিয়ে বক্সে ঢুকে বুলেট গতির শটে গোলটি করেন তিনি। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো ঝাঁপিয়েও সেই শট রুখতে পারেননি। ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে এটি ভিনিসিউসের ৫০তম আন্তর্জাতিক গোল।

১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও দুই দল রক্ষণ আগলে বেশ কিছু আক্রমণ চালালেও শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় কার্লো আনচেলোত্তির ব্রাজিল ও মরক্কোকে।