
একটি গোল এসেছিল দুর্দান্ত আক্রমণ থেকে, আরেকটি আত্মঘাতী ভুলে। গোল দুটিই হয়েছে মিসরের পক্ষ থেকে। শেষ পর্যন্ত দুই দলের ভাগ্যে জুটেছে একটি করে পয়েন্ট। সেই সঙ্গে মিসরের অপেক্ষা বাড়ল বিশ্বকাপে প্রথম জয়ের।
মঙ্গলবার (১৬ জুন) ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘জি’গ্রুপের ম্যাচে মাঠে নেমেছিল বেলজিয়াম আর মিসর। দুই দলের ম্যাচ শেষ হয়েছে ১–১ গোলের ড্রয়ে।
সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা ছিল মিসরের। প্রথমার্ধে বেলজিয়ামের রক্ষণভাগকে বেশ কয়েকবার চাপে ফেলে আফ্রিকান দলটি। সেই চাপেরই ফল আসে ২০তম মিনিটে। ইমাম আশুরের গোলে এগিয়ে যায় মিসর।
গোল হজমের পর বলের দখল বাড়ালেও প্রথমার্ধে সমতায় ফিরতে পারেনি বেলজিয়াম। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিসর।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণের ধার বাড়ায় বেলজিয়াম। একের পর এক আক্রমণে মিসরের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। তবে কাঙ্ক্ষিত গোলটি আসে কিছুটা অপ্রত্যাশিতভাবে।
ম্যাচের ৬৬তম মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে ফেলেন মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। আত্মঘাতী সেই গোলে সমতায় ফেরে বেলজিয়াম।
এরপর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আর কোনো দলই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি। ফলে ১–১ গোলের সমতায় শেষ হয় ম্যাচটি।
এই ড্রয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। অন্যদিকে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নিয়ে টেবিলের দুই নম্বরে আছে মিসর।