News update
  • Police on High Alert Over Possible Bomb Attack Threats     |     
  • India Distances Itself From Hasina's Press Conference     |     
  • Green transition: Pay the Least, Benefit the Most     |     
  • Road accidents claim 14 lives in Sylhet, Bogura     |     
  • 300 children killed in 300 days of Israeli-Hamas ‘ceasefire’     |     

পাকিস্তানকে উড়িয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-01-23, 8:55pm

erwerwerwe-d778620b6c42932c4bfa2a5cba09e3f31769180147.jpg




ম্যাচের প্রথমার্ধেই সাবিনা-কৃষ্ণারা জালের দেখা পেলেন ৬ বার। দ্বিতীয়ার্ধে করলেন আরও তিন গোল। পুরো ম্যাচে পাকিস্তানের জালে মোট ৯ বার গোল উৎসব করেছেন বাংলাদেশের মেয়েরা। এই জয়ে সাফ উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপার আরও কাছে পৌঁছে গেলো লাল-সবুজের দল।

থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে শুক্রবার (২৩ জানুয়ারি) পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন ৪ গোল। জোড়া গোল করেছেন কৃষ্ণা রানী সরকার ও নৌশিন জাহান। নিলুফা ইয়াসমিন নীলার পা থেকে এসেছে একটি গোল। 

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে গেছে বাংলাদেশ। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ভারত। 

ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তারা। পরের দুই ম্যাচে বড় জয় ‍তুলে নেয় লাল-সবুজের দল। নেপালকে ৩-০ ও শ্রীলঙ্কাকে ৬-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ। 

টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরু থেকেই গোছালো ফুটবল খেলেন। সপ্তম মিনিটে কৃষ্ণার পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা মাতসুশিমা সুমাইয়া বল বাড়ান গোলমুখে। ফাঁকায় থাকা সাবিনা নিখুঁত ট্যাপে বল জড়িয়ে দেন জালে। 

এই গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন নীলা। সাবিনার পাসে সার্কেলের ঠিক ওপর থেকে বাম পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন তিনি। দশম মিনিটে ব্যবধান আরও বাড়ান নৌশিন। দুই মিনিট পর স্লাইড করেও বল ক্লিয়ার করতে পারেননি পাকিস্তান গোলকিপার। নিখুঁত টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন নৌশিন। 

প্রথমার্ধের শেষ দিকে এক মিনিটের মধ্যে পাকিস্তানের জালে আরও দুবার বল জালে জড়ায় বাংলাদেশ। সুমাইয়ার পাস প্রথম স্পর্শে নিয়ন্ত্রণ নিয়ে জায়গা বানিয়ে বাম পায়ের শটে লক্ষ্যভেদ করেন কৃষ্ণা। এরপর নীলার পাসে বাম পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন সাবিনা।

দ্বিতীয়ার্ধের দ্বাদশ মিনিটে সাবিনার পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা। একটু পর আনমোল হিরা উঁচু শটে পাকিস্তানকে গোল এনে দেন। ৭ মিনিট বাকি থাকতে সাবিনার শট গোলকিপারের পায়ে লেগে জালে জড়ায়। শেষ দিকে কিছুটা দুরূহ কোণ থেকে আরও একটি গোল করেন সাবিনা। আর তাতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

রাউন্ড রবিন লিগের টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। নিজেদের শেষ ম্যাচে রোববার (২৫ জানুয়ারি) মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ।