News update
  • Cheap reading glasses remain key conduit to better quality of life     |     
  • ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • Putin offers to help end Iran war in meeting with Pezeshkian     |     
  • Fired OpenAI Researchers Say Dismissals Chilled Safety Efforts     |     
  • Dhaka Fifth Most Polluted City Globally on Friday Morning     |     

পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’

গ্রীণওয়াচ ডেস্ক ফ্যাশন 2026-10-09, 10:34am

img_20261009_103419-5280436525aa1d4915f35d3295cef9391791520493.jpg




নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’তে অভিনয়ের পর চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা মৌ খানের আরও একটি সিনেমা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে কামরুজ্জামান পরিচালিত সামাজিক ও পারিবারিক গল্পের সিনেমা ‘স্নেহের বন্ধন’।

‘আবার হঠাৎ বৃষ্টি’তে গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। এর মাধ্যমে চলতি মাসেই বড় পর্দায় হাজির হয়েছেন তিনি। এবার পূজার উৎসবকে সামনে রেখে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘স্নেহের বন্ধন’। ফলে অল্প সময়ের ব্যবধানে দুটি ভিন্ন স্বাদের সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

‘স্নেহের বন্ধন’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী মৌ খান। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় সার্থকতা হলো ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে দর্শকদের সামনে উপস্থাপন করা। এ মাসে আমার যে দুটি সিনেমা প্রেক্ষাগৃহে দর্শক পাচ্ছে, দুটিতেই দর্শকরা আমাকে সম্পূর্ণ ভিন্ন দুটি রূপে দেখতে পাবেন।’

‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমা প্রসঙ্গে মৌ বলেন, ‘আমি একটি বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির ব্যাপ্তি হয়তো খুব বেশি নয়, কিন্তু গল্পের মোড় ঘুরিয়ে দিতে এর গুরুত্ব অনেক। নব্বইয়ের দশকের সেই কালজয়ী আবহের সঙ্গে জড়িয়ে থাকতে পারাটাই আমার জন্য অন্যরকম এক ভালো লাগার ছিল।’

‘স্নেহের বন্ধন’ নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘পূজায় মুক্তি পেতে যাওয়া ‘স্নেহের বন্ধন’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি আবেগের জায়গা। এই সিনেমায় আমার চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং, স্ট্রাগলিং এবং একই সঙ্গে মায়াবী। এটি এমন এক নারীর গল্প, যে পারিবারিক মূল্যবোধ ও ভালোবাসার জন্য যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারে। আশা করি, দুটি চরিত্রই দর্শকদের হৃদয়ে আলাদাভাবে দাগ কেটে যাবে।’

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেন মৌ খান। এরপর থেকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছেন তিনি।

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মৌ খানের অভিনীত থ্রিলার ও অ্যাকশন ঘরানার ওয়েব ফিল্ম ‘শিকারি’। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান।