News update
  • Dhaka's air 5th worst in the world this morning     |     
  • Around 7,500 Bangladeshis imprisoned in Saudi Arabia: Shama Obaed     |     
  • Bangladesh Outperforms India in Global Hunger Index 2026     |     
  • Covered van hits Gazipur police patrol team, killing SI, BNP leader     |     
  • Korean City scrambles to rescue dusky shark after it returns to canal     |     

বেশি হোক, কম হোক কর দিয়ে ব্যবসা করতে হবে : এনবিআর

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-04-22, 10:54am

tyhertertwetrwe-078f6d97055bac96a8919470a653fc261776833644.jpg




বিশ্বে সেমিকন্ডাক্টর খাতের বাজার প্রায় ৮০ হাজার কোটি মার্কিন ডলার। তবে বাংলাদেশ এখনও এ শিল্পে পিছিয়ে রয়েছে। তাই বিদেশি বিনিয়োগ আকর্ষণে এ খাতে ১৫ বছরের কর–অবকাশ সুবিধা চায় সংশ্লিষ্টরা। এর জবাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যবসায়ীদের বলেছে, বেশি হোক, কম হোক ব্যবসা করতে কর দিতে হবে।

সেমিকন্ডাক্টর খাতে ইলেকট্রনিক যন্ত্রাংশ, চিপ ও প্রসেসর ডিজাইন এবং উৎপাদন করা হয়।

ঢাকার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) নেতারা কর–অবকাশ সুবিধা দাবি করেন।

এ সময় ইলেকট্রনিকসহ ৯টি সংগঠন তাদের বাজেট প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় বিএসআইয়ের সভাপতি মো. আবদুল জব্বার বলেন, ৪০টি বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে কাজ করছে। দেশে প্রতিবছর পড়াশোনা শেষ করে এ খাতের উপযোগী ২০ হাজার স্নাতক বের হচ্ছেন। তাই খাতটিতে বিদেশি বিনিয়োগ আনতে কর–অবকাশ দেওয়া জরুরি। জবাবে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আমাদের ব্যবসায়ীদের কর–অবকাশের চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। ব্যবসা করবেন, কর দেবেন। বেশি হোক, কম হোক কর দিতে হবে।

অনলাইনে ভ্যাট দিতে সমস্যার কথা জানায় বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন। সংগঠনটির আহ্বায়ক মহসিন ভূঁইয়া বলেন, বাধ্যতামূলক করা হলেও আমরা আগের পদ্ধতিতে ভ্যাট রিটার্ন দিচ্ছি। কারণ সিস্টেম আপডেট করা হচ্ছে না। বিষয়টির দ্রুত সমাধানে কর্মকর্তাদের তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান। বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পরিচালক আবদুল ওয়াজেদ কাঁচামালের আমদানি শুল্ক ৫ শতাংশ করার প্রস্তাব দেন।