News update
  • Speaker sees no possibility of Hasina's return even in 10-yrs     |     
  • Bangladesh Ambassador to Japan returns home ahead of PM’s visit     |     
  • Sajek Road Blockade: 2,933 Tourists Evacuated Amid Gunfire     |     
  • Climate Crisis May Displace 7.5% of Bangladeshis by 2050     |     
  • NEIR Rollout Targets Tk 2,000cr Revenue Loss From Illegal Phones     |     

চামড়া শিল্প বিলিয়ন ডলারের খাতে পরিণত হবে: বাণিজ্যমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-05-16, 7:26am

img_20260516_072422-2e199dc288a05131c77a08e26ebcda231778894809.jpg




চামড়া শিল্প বিলিয়ন ডলারের খাতে পরিণত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, চামড়া শিল্পের দুর্বলতাগুলো চিহ্নিত করা হয়েছে। আল্লাহর তৌফিক থাকলে বাংলাদেশে চামড়া শিল্প একটি বিলিয়ন ডলারের রফতানি আয়কারী খাতে পরিণত হবে।

শুক্রবার (১৫ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। 

বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়া শিল্পের বিদ্যমান দুর্বলতাগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং এই খাতের উন্নয়ন নিশ্চিতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে তিনি একাধিকবার বৈঠক করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সঠিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে এই শিল্পটি দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভে পরিণত হবে।

বাণিজ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, চামড়া খাতের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং মাত্র আড়াই মাস সময়ের মধ্যে সবগুলোর সমাধান করা সম্ভব নয়। বিদ্যমান সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে জানিয়ে তিনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ধৈর্য ধরার আহ্বান জানান। 

তিনি জোর দিয়ে বলেন, জাতীয় সম্পদ হিসেবে এই শিল্পের সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এই খাতের সত্যিকারের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।

আসন্ন কোরবানির ঈদের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, এই জরুরি সময়ে যেন এক পিস চামড়াও নষ্ট না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানিয়ে বলেন, সচেতনভাবে কোনো জাতীয় সম্পদ নষ্ট করা উচিত নয়। 

কারণ চামড়া নষ্ট হওয়া মানে দেশের অর্থনীতি ও উজ্জ্বল সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হওয়া। এই অমূল্য সম্পদ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

সিলেটে অনুষ্ঠিত এই মেলা উদ্বোধনকালে মন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে চামড়া শিল্পকে আধুনিকায়নের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি আশ্বস্ত করেন, সরকার ধারাবাহিকভাবে এই খাতের প্রতিকূলতাগুলো দূর করে একটি রফতানিমুখী পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। চামড়া শিল্পকে বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক করে তুলতে প্রয়োজনীয় সংস্কার ও নীতিগত সহায়তা প্রদান করা হবে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।