News update
  • Heart Disease Linked to 777 Daily Deaths in Bangladesh     |     
  • US Tech Firms Eye Over $1b Investment in Bangladesh     |     
  • Dhaka ranks 6th globally in air pollution on Tuesday     |     
  • Netanyahu Secretly Visits UAE Amid Rising Regional Tensions     |     
  • Ambassadors meet as West Bank tensions rise, Gaza plan stalls     |     

বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য সমাধান?

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-05-16, 7:58am

b7d42b03fed1066496a439892ac05511f71a29c007ba1bcf-b5ba5fc4ffa2c2101602da6b1aeffa0f1778896692.jpg




বারমুডা ট্রায়াঙ্গল এক দুর্ভেদ্য রহস্যের নাম। প্রযুক্তিগত উৎকর্ষে বিশ্ব অনেক দূর এগিয়ে গেলেও আজ পর্যন্ত এ রহস্যের কিনারা করতে পারেনি কেউ। দশকের পর দশক ধরে ভূতত্ত্ববিদদের ভাবিয়ে তুলেছে আটলান্টিক মহাসাগরের এ রহস্যময় ধাঁধা। আশপাশের সমুদ্রতলের তুলনায় বারমুডা দ্বীপ এত উঁচুতে অবস্থান করছে কেন? যদিও এর আগ্নেয়গিরিগুলো ৩ কোটি বছর ধরে নিষ্ক্রিয় হয়ে গেছে। অবশেষে এ রহস্যের সমাধান খুঁজে পেয়েছেন বলে মনে করছেন মার্কিন বিজ্ঞানীরা।

সম্প্রতি কার্নেগি সায়েন্সের ভূকম্পবিদ উইলিয়াম ফ্রেজার ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের জেফ্রি পার্কের নেতৃত্বে পরিচালিত নতুন গবেষণায় দেখা গেছে, বারমুডার নিচে এমন এক ভূতাত্ত্বিক গঠন রয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও এখনও দেখা যায়নি।

সাধারণত হাওয়াইয়ের মতো আগ্নেয় দ্বীপগুলো তৈরি হয় ‘ম্যান্টল প্লুম’ নামে পরিচিত পৃথিবীর গভীর থেকে উঠে আসা উত্তপ্ত শিলাস্তম্ভের মাধ্যমে। সময়ের সঙ্গে সঙ্গে টেকটোনিক প্লেটগুলো যখন ওই প্লুম থেকে সরে যায় এবং আগ্নেয় কার্যকলাপ ধীরে ধীরে কমে আসে, তখন সাধারণত এই স্ফীত সমুদ্রতল আবার নিচে নেমে যায়। কিন্তু বারমুডার ক্ষেত্রে তা ঘটেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বীপটি এখনও আশপাশের সমুদ্রতল থেকে প্রায় ১ হাজার ৬০০ ফুট উঁচুতে অবস্থান করছে।

গবেষকরা বিশ্বের বিভিন্ন ভূমিকম্প থেকে উৎপন্ন ভূকম্পীয় তরঙ্গ বিশ্লেষণ করে বারমুডার নিচের প্রায় ২০ মাইল গভীর পর্যন্ত পৃথিবীর অভ্যন্তরের একটি চিত্র তৈরি করেন। সেখানে তারা সমুদ্রীয় ভূত্বকের নিচে ১২ মাইলের বেশি পুরু এক স্তরের হালকা ঘনত্বের শিলা খুঁজে পান। এই স্তরটি ভেলার মতো কাজ করে বারমুডা ও এর সমুদ্রতলকে ভাসিয়ে রেখেছে।

গবেষকদের ধারণা, কোটি কোটি বছর আগে বারমুডার আগ্নেয়গিরির সক্রিয় সময়কালে কার্বনসমৃদ্ধ গলিত শিলা ভূত্বকের নিচে ঢুকে ঠান্ডা হয়ে এই স্তর তৈরি করেছিল।

গবেষক উইলিয়াম ফ্রেজার বলেন, ‘বারমুডা গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো প্রচলিত ম্যান্টল প্লুম তত্ত্বের সঙ্গে পুরোপুরি মেলে না। এটি ইঙ্গিত দিচ্ছে, পৃথিবীর অভ্যন্তরে আরও কিছু জটিল প্রক্রিয়া কাজ করছে, যা এখনো পুরোপুরি বোঝা যায়নি।’

বিজ্ঞান সাময়িকী জিওফিজিক্যাল রিসার্চ লেটার-এ সম্প্রতি গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, ক্যারিবীয় সাগরের এক কল্পিত ত্রিভুজ এলাকা হলো বারমুডা ট্রায়াঙ্গল। ত্রিভুজের তিন বিন্দুতে আছে ফ্লোরিডা, বারমুডা আর প্যুয়ের্তো রিকো। তথ্যসূত্র: এনডিটিভি