News update
  • Trump says US aims to destroy Iran's military, topple government     |     
  • Stock indices rally at DSE, CSE despite shrinking turnover     |     
  • Tehran hits back across region after US and Israel attack Iran     |     
  • African Union calls for restraint in Middle East     |     
  • Iran-Israel Tensions Stoke Energy Risks for Bangladesh     |     

যে কারণে দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করল বিমান বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-06-28, 6:39am

biman_1-78f9bb35855c0848347d9616da9467731751071187.jpg




রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। সাইবার নিরাপত্তা এবং করপোরেট তথ্য সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মীদের এখন থেকে যোগাযোগের জন্য মাইক্রোসফট টিমস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সম্প্রতি বিমানের আইটি বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করপোরেট নেটওয়ার্কের সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষার স্বার্থে হোয়াটসঅ্যাপ ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। এর পরিবর্তে মাইক্রোসফট টিমস প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যা নিরাপদ ও পেশাগত যোগাযোগের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মাধ্যম।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ব্যক্তিগত ইমেইল ও মোবাইল নম্বর ব্যবহার করে মাইক্রোসফট টিমসে সহজে অ্যাকাউন্ট খোলা যায়। এই প্ল্যাটফর্মে টেক্সট মেসেজ, ভয়েস ও ভিডিও কল, ফাইল শেয়ারিংসহ বিভিন্ন করপোরেট সুবিধা পাওয়া যায়, যা দৈনন্দিন দাপ্তরিক যোগাযোগকে আরও কার্যকর ও সুরক্ষিত করে।

বিমানের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা এরই মধ্যে হোয়াটসঅ্যাপকে দাপ্তরিক কাজ থেকে বাদ দিয়েছে। এর প্রধান কারণ, এটি একটি থার্ড-পার্টি অ্যাপ এবং অনেক ক্ষেত্রেই তথ্য নিরাপত্তার প্রশ্নে ঝুঁকিপূর্ণ। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় আরও সুরক্ষা নিশ্চিত করতে চাইছে।