News update
  • Road accidents claim 14 lives in Sylhet, Bogura     |     
  • 300 children killed in 300 days of Israeli-Hamas ‘ceasefire’     |     
  • Nearly 900 primary schools in Cumilla run without head teachers     |     
  • New Disasters Hit Rohingya Refugees in Bangladesh     |     
  • Presidential Election Set for August 20     |     

নদ-নদীর পানি বিপৎসীমার নিচে, ভারি বৃষ্টির পূর্বাভাস নেই

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2024-08-28, 2:59pm




দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি সমতল উজানে ফারাক্কা পয়েন্ট এবং দেশের অভ্যন্তরে সীমান্তবর্তী পাংখা পয়েন্টে অপরিবর্তিত আছে, যা পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া জানান, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় ও পূর্বাঞ্চলীয় মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ইত্যাদি জেলার সীমান্তবর্তী অঞ্চলে এবং ভারতীয় ত্রিপুরা রাজ্যের অভ্যন্তরীণ অববাহিকাসমূহে উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি। এ অঞ্চলের এবং এই অঞ্চলসমূহের উজানের নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় এ অঞ্চলে এবং তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে এ সময় মনু, খোয়াই, ফেনী, মুহুরী, গোমতী, তিতাস ইত্যাদি নদীর পানি সমতল হ্রাস অব্যাহত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এ সময় এ অঞ্চলের সাঙ্গু, মাতামুহুরি, কর্ণফুলি, হালদা ও অন্যান্য প্রধান প্রধান নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। ফলে এ সময় এ অঞ্চলের নদীগুলোতে পানির স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে; উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান আছে, যা পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া।