News update
  • Eid Boom Fuels Economy, But Leather Sector Lags Behind     |     
  • Measles Death Toll Tops 500 as Govt Boosts Response     |     
  • 90pc of 3Mt annual e-wastes not recycled, cause health hazards in BD     |     
  • UNGA backs historic World Court climate crisis ruling     |     
  • Air France, Airbus found guilty of manslaughter over 2009 jet tragedy      |     

চাহিদার তুলনায় প্রায় ২১ লাখের বেশি পশু রয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-05-24, 7:40am

tryrtytrytr-26b92ffcbf2adc6cb2bd4d7255a6e7dd1779586810.jpg




আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (২৩ মে) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের চাহিদার তুলনায় পর্যাপ্ত গবাদিপশু মজুত থাকায় পাশের দেশ থেকে পশু আমদানির প্রয়োজন হবে না।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশে কোরবানির জন্য ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার গবাদিপশু প্রস্তুত রয়েছে। অন্যদিকে এ বছর সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে প্রায় ১ কোটি ২ লাখ পশু। সে হিসেবে চাহিদার তুলনায় প্রায় ২১ লাখ ৩৪ হাজার পশু বেশি আছে। দেশের বাজার এখন আর বাইরের দেশের পশুর ওপর নির্ভরশীল নয়। আমাদের খামারিরা দেশের চাহিদা পূরণে সক্ষম। 

দেশে আধুনিক ডেইরি খামারের সংখ্যা বাড়ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনেও এ খাত বড় ভূমিকা রাখবে। সরকার খামারিদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কৃষকদের মতো খামারিদেরও পরিচয়পত্র বা কার্ড দেওয়া হবে। পাশাপাশি তাদের ঋণসুবিধা নিয়েও আলোচনা চলছে।

তিনি আরও বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা শুধু দেশের চাহিদা পূরণ নয়, ভবিষ্যতে বিদেশে মাংস ও পশু রপ্তানির সক্ষমতা তৈরি করা। এ লক্ষ্যে খামারিদের আধুনিক প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

ডাচ ডেইরি ফার্ম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী শিমুলিয়ায় ‘প্রজেক্ট হিলশা’ পরিদর্শন করেন। পরে রাতের খাবার শেষে ঢাকার উদ্দেশে রওনা হন।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, ডাচ ডেইরি ফার্মের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মৃধা শিপন, ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান মৃধা রিপন, সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান এবং লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম।