News update
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Thursday      |     
  • World Leaders See Tarique as Transformative Leader: Adviser     |     
  • Guterres Urges Climate Justice Pact at COP31     |     
  • Global Climate Action Stalls for Five Years: Report     |     
  • COP31 Update: Developing Nations Demand Action, Reject      |     

৪৩ বছর পর সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-10-20, 10:48am

aamaanpur-917e230c462ffea8461c1bdd56e2d8f71792471703.jpg




দীর্ঘ ৪৩ বছরের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবনের ইতি টেনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আন্তর্জাতিক উপস্থাপক ও প্রখ্যাত সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুর।আগামী বছরের জুনে তিনি আনুষ্ঠানিকভাবে সিএনএন থেকে বিদায় নেবেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে ৬৮ বছর বয়সী এই কিংবদন্তি সাংবাদিক বলেন, বহু মাসের চিন্তাভাবনা এবং বেশ কিছু নির্ঘুম রাতের পর আমি আমার ৪৩ চমৎকার বছরের সঙ্গী সিএনএন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, সামনে নতুন ও আকর্ষণীয় কিছু প্রকল্প অপেক্ষা করছে। সিএনএনের নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতার ইতিহাসের প্রতি আমার শুভকামনা সবসময় থাকবে। মনে রাখবেন : সবসময় সত্যনিষ্ঠ হোন, স্রেফ নিরপেক্ষ নয়।

আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশনের জন্য অত্যন্ত পরিচিত মুখ আমানপুর ২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে তার নামের জনপ্রিয় নৈশকালীন সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান পরিচালনা করে আসছেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে তিনি সপ্তাহে মাত্র কয়েকদিন অনুষ্ঠানটির সঞ্চালনা করছিলেন। নতুন সূচি অনুযায়ী, আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে এটি সপ্তাহে একদিন প্রচারিত হবে। মে মাসে অনুষ্ঠানটির প্রচার বন্ধ হবে। তবে আগামী জুন পর্যন্ত তিনি সিএনএনের হয়ে বিশ্বজুড়ে রিপোর্ট ও সংবাদ সংগ্রহের কাজ চালিয়ে যাবেন।

সোমবার সকালে সহকর্মীদের উদ্দেশে পাঠানো এক স্মারকে সিএনএনের চেয়ারম্যান মার্ক থম্পসন আমানপুরের এই সিদ্ধান্তের কথা জানান। থম্পসন লেখেন, ক্রিশ্চিয়ান অত্যন্ত সতর্কতার সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছেন। গত কয়েক মাস ধরে তিনি ও আমি এ নিয়ে আলোচনা করছিলাম। তার বিদায়ের সংবাদে সিএনএনের অন্য সহকর্মীদের মতো আমিও ব্যথিত, তবে ব্যক্তিগত ও পেশাগত দিক থেকে এটি তাঁর জন্য উপযুক্ত সময় বলে আমি মেনে নিয়েছি।

থম্পসন তাকে ‘বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য ও জনপ্রিয় সাংবাদিক’ হিসেবে অভিহিত করে জানান, আগামী বছর তার চূড়ান্ত বিদায়ের আগে সিএনএন পরিবার এই দীর্ঘ ও সফল পথচলা উদযাপনের বিশেষ আয়োজন করবে।

নিজের বিবৃতিতে আমানপুর তার দীর্ঘ ক্যারিয়ারে পাশে থাকা সমস্ত সহকর্মী, টিম ও মাঠপর্যায়ের ক্রুদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রথম উপসাগরীয় যুদ্ধ থেকে শুরু করে বসনিয়া যুদ্ধ, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেন ও ইরানের ভয়াবহতম পরিস্থিতির খবর কভার করার অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে, তা হলো আমাদের দলগত প্রচেষ্টা ও বন্ধুত্ব।

আমেরিকান পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসে প্রচারিত তার জনপ্রিয় শো ‘আমানপুর অ্যান্ড কোম্পানি’ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। তবে সিএনএন ছাড়লেও গ্লোবালের প্রযোজনায় প্রাক্তন স্বামী জেমি রুবিনের সঙ্গে তার নিজস্ব পডকাস্ট ‘দ্য এক্স ফাইলস’ চালিয়ে যাবেন বলে জানান তিনি।