News update
  • Tarique Urges Japanese Investment in Energy, Rail, Technology     |     
  • Tarique Seeks Japan’s Support to Diversify Bangladesh’s Exports     |     
  • Dhaka Among World’s 12 Most Polluted Cities on Wednesday     |     
  • Cyclone Arnab Hits India, Four Bangladesh Ports on Alert     |     
  • Greenhouse Gas Levels Reach Record High in 2025: WMO     |     

মেঘ সরতেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা, মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-10-28, 2:58pm

img_20261028_145803-c7c2f50d0deee80c6862b3b2f82a013b1793177893.jpg




মেঘ আর কুয়াশার আড়াল সরতেই পঞ্চগড়ের আকাশে দেখা মিলেছে হিমালয়ের তুষারাবৃত পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার। টানা তিন দিন ধরে জেলার বিভিন্ন এলাকা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ। দূর দিগন্তে বরফে ঢাকা পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। কেউ মুঠোফোনে, কেউবা ক্যামেরায় ধারণ করছেন সেই সৌন্দর্য। ছবিতে ছবিতে কাঞ্চনজঙ্ঘার মুগ্ধতা ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

বুধবার (২৮ অক্টোবর) সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা থেকে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। নীল আকাশের পটভূমিতে বরফে মোড়া পাহাড়ের শুভ্র চূড়া দেখে মুগ্ধ স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ অপেক্ষার পর আকাশ পরিষ্কার হওয়ায় অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন সেই মুহূর্ত।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৫৮৬ মিটার উঁচু কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার অন্যতম আকর্ষণ। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ ভারত ও নেপালের সীমান্তে অবস্থিত। ভৌগোলিক অবস্থানের কারণে আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া ও আশপাশের এলাকা থেকে খালি চোখেই দেখা মেলে এর।

ভোরের সূর্যের আলো বরফঢাকা চূড়ায় পড়লে কখনো লালচে, কখনো গোলাপি, আবার কখনো ঝকঝকে সাদা রূপে ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা। তবে মেঘ, কুয়াশা ও বাতাসে জলীয়বাষ্পের কারণে প্রতিদিন এই দৃশ্য দেখা যায় না। সাধারণত বর্ষা শেষে আকাশ পরিষ্কার হতে শুরু করলে পঞ্চগড় থেকে পর্বতশৃঙ্গটি দেখার সম্ভাবনা বাড়ে।

কাঞ্চনজঙ্ঘার ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করছেন স্থানীয় ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমীরা।

স্থানীয় মো. মাসুদ রানা নিজের ফেসবুক টাইমলাইনে পর্বতশৃঙ্গটির কয়েকটি ছবি প্রকাশ করেছেন। দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত দৃশ্য ক্যামেরায় ধারণ করতে পেরে উচ্ছ্বাস জানিয়েছেন তিনি।

কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে প্রতিবছরই পঞ্চগড়ে পর্যটকদের আগ্রহ তৈরি হয়। বিশেষ করে তেঁতুলিয়া ও আশপাশের দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেন ভ্রমণপ্রেমীরা। গত দুর্গাপূজার ছুটিতেও পর্বতশৃঙ্গটি দেখার আশায় দেশের বিভিন্ন এলাকা থেকে পঞ্চগড়ে এসেছিলেন অনেকে। তবে আকাশে মেঘ থাকায় তাদের অনেকেই কাঙ্ক্ষিত দৃশ্য না দেখেই ফিরে যান। এবার টানা তিনদিন কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান থাকায় নতুন করে আনন্দ ছড়িয়েছে পর্যটক ও স্থানীয়দের মধ্যে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আকাশ মেঘমুক্ত থাকায় বর্তমানে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যাচ্ছে। এ ধরনের আবহাওয়া আরও এক থেকে দুইদিন থাকতে পারে। তবে আগামী ৩১ অক্টোবর আকাশে মেঘ জমার সম্ভাবনা রয়েছে। মেঘ তৈরি হলে আবারও আড়ালে চলে যেতে পারে বরফে ঢাকা পর্বতশৃঙ্গটি।