News update
  • No Antalya Pact, but Some Signs of Progress Emerge from COP31     |     
  • Ex-SB Chief Monirul's Wife, Two Brothers-in-Law Detained     |     
  • Panchagarh Records Season's Lowest Temperature at 11°C     |     
  • Disaster Risk Reduction Fair and Field Drill held in Kalapara     |     
  • Dhaka’s air ‘unhealthy’, ranks 10th globally on Sunday morning     |     

খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতায় ৫ প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2026-11-29, 6:57pm

baanlaadesh_byaank-2b8eee8eb799facf5654818abf0ccab91795957035.jpg




খেলাপি ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির আওতায় পাঁচটি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২-এর সার্কুলার লেটার নম্বর-১৯-এর মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), হুদহুদ সলিউশনস পিএলসি, লবিং অ্যান্ড দ্য ল’ (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড, মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড ও সিটিজেন্স অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউস।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০ আগস্ট জারি করা সার্কুলার নম্বর-৪-এর মাধ্যমে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তকরণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রকাশ করা হয়। পরে ৮ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়।

এতে মোট ২৩টি আবেদন জমা পড়ে। বাংলাদেশ ব্যাংক আবেদনগুলো যাচাই-বাছাই ও নীতিমালার শর্ত অনুযায়ী মূল্যায়ন করে ন্যূনতম যোগ্যতা অর্জনকারী পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে।

সার্কুলার অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই জারি করা এডিআর-সংক্রান্ত নির্দেশনাবলি যথাযথভাবে পরিপালন করে বিদ্যমান পক্ষসমূহ এবং সংশ্লিষ্ট তালিকাভুক্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যস্থতাকারী, ঋণগ্রহীতা ও ঋণদাতার মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির শর্তাবলি অনুসারে খেলাপি ঋণের বিপরীতে মামলা দায়েরের আগে এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় দায়ের করা মামলার ক্ষেত্রেও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যাবে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ উদ্যোগের ফলে খেলাপি ঋণ আদায়ে দীর্ঘসূত্রতা কমবে এবং ঋণ আদায় কার্যক্রম আরও ত্বরান্বিত হবে।

মধ্যস্থতা কার্যক্রমের প্রসার ও তালিকায় অধিকসংখ্যক যোগ্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শিগগিরই পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তালিকাভুক্তির দ্বিতীয় পর্যায় শুরু করা হবে।