News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

ট্রাম্পের জনপ্রিয়তা সর্বকালের সর্বনিম্নে

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2026-09-22, 7:15am

gemini_generated_image_7rtlgu7rtlgu7rtl-7347d6787adfa9ae834b1ac58e8a949a1790039728.jpg




যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন দ্রুত ঘনিয়ে আসছে এবং এর সঙ্গে পাল্লা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার হার (এপ্রুভাল রেটিং) তার হোয়াইট হাউসের দুটি মেয়াদকালের মধ্যে প্রথমবারের মতো ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। খবর নিউজ উইকের।

১৬ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ১০০ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর ‘আমেরিকান রিসার্চ গ্রুপ’ (এআরজি) পরিচালিত নতুন জরিপ অনুযায়ী, প্রেসিডেন্টের সার্বিক জনপ্রিয়তার হার এসে দাঁড়িয়েছে ২৯ শতাংশে এবং তার অর্থনীতি পরিচালনা সম্পর্কিত ইতিবাচক দৃষ্টিভঙ্গি নেমে এসেছে ২৬ শতাংশে।

ট্রাম্প প্রশাসন নিত্যপণ্যের অগ্নিমূল্য ও পেট্রোলের দাম বাড়ার দায় আগের প্রশাসনের ওপর চাপানোর চেষ্টা চালিয়ে গেলেও, জরিপে অংশগ্রহণকারী ৭২ শতাংশ মানুষ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে।

এর বিপরীতে, সম্প্রতিক অন্যান্য জরিপগুলোতে ট্রাম্পের প্রতি সমর্থন সাধারণত ৩০-এর কোঠার মাঝখান থেকে ওপরের দিকে দেখা গেছে। যদিও ট্রাম্পের নীতির ভিন্নতার ওপর ভিত্তি করে সেটির পরিবর্তন হয়েছে।

গ্যালপ-এর ট্র্যাকার অনুযায়ী, এর আগে সর্বশেষ ২০০৮ সালের শেষের দিকে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মেয়াদে কোনো প্রেসিডেন্টের জনপ্রিয়তা ২০-এর ঘরে নেমে এসেছিল।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে মন্তব্যের জন্য নিউজউইকের পক্ষ থেকে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

ট্রাম্পের জনপ্রিয়তার নতুন রেটিং

সোমবার প্রকাশিত এআরজি জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ ভোটার ট্রাম্পের কাজের ধরন অপছন্দ করেন, যা আগস্টের জরিপের চেয়ে ২ শতাংশ বেশি।

জরিপে অর্থনীতির ক্ষেত্রে মতামতের চিত্র আরও নেতিবাচক ছিল; ৭১ শতাংশ মানুষ প্রেসিডেন্টের অর্থনীতি পরিচালনায় অসন্তোষ প্রকাশ করেছেন, যা আগের মাসে ছিল ৬৯ শতাংশ। জরিপে অংশ নেওয়া মাত্র ৬ শতাংশ মানুষ আশা প্রকাশ করেছেন যে, আগামী এক বছরে অর্থনীতির উন্নতি হবে, অন্যদিকে ৭০ শতাংশ মানুষ পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দিয়েছেন।

এমন একজন প্রেসিডেন্টের জন্য এই পরিসংখ্যানগুলো বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হতে পারে, যিনি প্রায়শই তার অর্থনৈতিক নীতির প্রশংসা করতেন এবং মার্কিন নাগরিকদের একটি ‘স্বর্ণযুগ’ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

জরিপে অংশ নেওয়া মানুষদের জন্য বিশেষ করে ব্যক্তিগত অর্থসংস্থান নিয়ে উদ্বেগ দেখা গেছে। মাত্র ২০ শতাংশেরও কম মানুষ নিজেদের পারিবারিক আর্থিক অবস্থাকে ইতিবাচকভাবে দেখেছেন, যার বিপরীতে ৭৫ শতাংশ মানুষই বিষয়টিকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসে পুনরায় ফিরে আসার পরপরই, তার সমর্থকদের প্রায় অর্ধেক বিশ্বাস করেছিলেন, অর্থনীতির উন্নতি হবে; তবে সেই আশাবাদ এখন অনেকটাই মিলিয়ে গেছে।

অন্যান্য প্রেসিডেন্টের সঙ্গে তুলনা

কয়েক দশক পেছনের গ্যালপের ট্র্যাকিং ডেটা অনুযায়ী, এর আগে কোনো প্রেসিডেন্টের জনপ্রিয়তা ৩০ শতাংশের নিচে নেমেছিল ২০০৮ সালের বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সময়। সে বছর নির্বাচনের প্রাক্কালে জর্জ ডব্লিউ বুশ তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

গড়ে পুরো মেয়াদে প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা ছিল ৪৮ শতাংশ এবং প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষেত্রে তা ছিল প্রায় ৪২.২ শতাংশ।

ডোনাল্ড ট্রাম্প তার প্রথম ও দ্বিতীয় মেয়াদ মিলিয়ে গড়ে প্রায় ৪১ শতাংশ স্কোর ধরে রেখেছেন। প্রথম দফায় হোয়াইট হাউস ছাড়ার সময় তার জনপ্রিয়তার হার ছিল প্রায় ৩৪ শতাংশ।