
সাইবার হামলার শিকার হয়েছে প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্স ফ্রাঁস-প্রেস (এএফপি)। এই ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংস্থাটির কনটেন্ট প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সংস্থার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে বলে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে।
অভ্যন্তরীণ এক ইমেইলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, প্যারিসের স্থানীয় সময় রাত দেড়টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়) এই সাইবার হামলা শুরু হয়। গ্রাহকরা সংস্থার কনটেন্ট দেখা ও ডাউনলোড করার কাজে যে ‘এএফপি ফোরাম’ প্ল্যাটফর্মটি ব্যবহার করেন, মূলত সেটিকেই লক্ষ্যবস্তু করা হয়।
ইমেইলে আরও বলা হয়, অনুপ্রবেশ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তা নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।সতর্কতার অংশ হিসেবে এএফপি ফোরাম অফলাইনে নিয়ে যাওয়া হয়। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে। তবে প্ল্যাটফর্ম বন্ধ থাকলেও গ্রাহকদের জন্য বিকল্প ব্যবস্থা চালু রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এএফপির বিবৃতিতে বলা হয়েছে, বাহ্যিক বিশেষজ্ঞদের সহায়তায় ঘটনার তদন্ত চলছে। তবে এই পর্যায়ে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে কোনো তথ্য নেই।
সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ বিভিন্ন দেশে কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে একাধিক সাইবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার কোনো কোনোটির পেছনে আর্থিক লাভের উদ্দেশ্যে সক্রিয় অপরাধী চক্র এবং কোনোটির পেছনে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা রয়েছে বলে মনে করা হয়।