News update
  • NCP Demands Impeachment, Arrest of President     |     
  • PM Pledges to Modernise, Strengthen Border Force     |     
  • Dhaka Tops Global Pollution List with Hazardous Air     |     
  • Country Observes Martyred Army Day Today     |     
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ‘বোমা মেরে উড়িয়ে’ দেওয়ার হুমকি

গ্রীণওয়াচ ডেস্ক মিডিয়া 2026-02-25, 6:31pm

rtretwerwer343-3a2e6c8972c420abced8d7c8dff0bf9c1772022676.jpg




অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাসভবন থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। বেইজিংয়ে নিষিদ্ধ একটি চীনা সাংস্কৃতিক গোষ্ঠীর অনুষ্ঠান বাতিল করার দাবি জানিয়ে এই হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, একটি ই-মেইলের মাধ্যমে এই হুমকি পাঠানো হয়। সেখানে দাবি করা হয়, ‘শেন ইউন’ নামক একটি চীনা নাচ ও গান দলের আসন্ন অনুষ্ঠান যদি বাতিল করা না হয়, তবে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। এই ই-মেইল পাওয়ার পরপরই অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ও পুলিশ বিভাগ সতর্ক অবস্থান গ্রহণ করে। সন্ধ্যা ৬টার দিকে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) বাসভবন এলাকায় বিশেষ অভিযান শুরু করে এবং কয়েক ঘণ্টার জন্য পুরো এলাকাটি কর্ডন করে রাখা হয়।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর সুরক্ষিত স্থাপনাটিতে অত্যন্ত নিখুঁতভাবে তল্লাশি চালানো হয়েছে। তবে দীর্ঘ সময় তল্লাশির পর সেখানে সন্দেহজনক কোনো বস্তু বা বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া যায়নি।

এএফপি আরও জানায়, বর্তমানে প্রধানমন্ত্রীর বাসভবন বা এর আশপাশের জনসাধারণের জন্য কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই। প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তিনি পুনরায় তার দাপ্তরিক কাজে মনোনিবেশ করতে পেরেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র এই ঘটনার প্রেক্ষিতে জানিয়েছেন, তারা দেশের আইন প্রয়োগকারী সংস্থা ও ফেডারেল পুলিশের পেশাদারিত্বের ওপর পূর্ণ আস্থা রাখেন। দ্রুত ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ‘দ্য লজ’ কেবল প্রধানমন্ত্রীর বাসভবনই নয়, এটি অস্ট্রেলিয়ার একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা। গত নভেম্বরে এখানেই প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও জোডি হেইডনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল।