News update
  • Speaker Calls Sheikh Hasina ‘World’s Best Actress’      |     
  • 60,000 villagers stranded in Daulatpur as Padma rises 3cm in 24 hours     |     
  • Assertive Diplomacy Urged as Mecca Pact Ignites Strategic Security Issues     |     
  • World Experiences Hottest August on Record     |     
  • PM opens dengue prevention, cleanliness campaign     |     

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-09-12, 6:30pm

img_20260912_182727-67684f778749189deb9f43e9df2cd7d81789216216.jpg




শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। আন্তর্জাতিকভাবে এটার স্বীকৃতিও রয়েছে। সুতরাং আওয়ামী লীগের অধ্যায় ক্লোজ হয়ে গেছে। নতুন করে বাংলাদেশে আর আওয়ামী লীগ ফেরার সুযোগ নাই। শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না।

এ সময় জ্বালানি সংকট নিয়ে জামায়াত ও ১১ দলীয় জোটের লংমার্চের সমালোচনা করে তিনি বলেন, জ্বালানি সংকট একটি জাতীয় সংকট। জাতীয় সংকটকে পুঁজি করে জামায়াত বা ১১ দলীয় জোট লংমার্চ করছে। এতে দেশে জ্বালানি সংকট তো আরও বাড়বে। আপনারা সরকারকে সহযোগিতা করুন। আপনারা যদি এভাবে লংমার্চ করেন, রাষ্ট্রকে অশান্ত করেন, তাহলে তো আওয়ামী লীগ ফিরে আসবে।

রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা তো অপেক্ষা করছে, জামায়াত কতদিনে কত সময়ে রাষ্ট্রকে অশান্ত করে। আওয়ামী লীগ ফিরে আসা নির্ভর করছে জামায়াতের ওপর। আওয়ামী লীগ ফিরে এলে শহীদ আবরার ফাহাদকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে, সেইভাবে আমাকে আপনাকে হত্যা করবে।

তিনি বলেন, জামায়াত যদি মনে করে আওয়ামী লীগকে সাথে নিয়ে ৯৬-এর মতো বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে, তাহলে এদেশের জনগণ জামায়াতের বিরুদ্ধে আন্দোলন করবে। আমার স্পষ্ট কথা, যে সংগঠনটি শহীদ আবরার ফাহাদকে খুন করেছে, ওই সংগঠন এবং ওই দলের আর বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, আমরা যারা আধিপত্যবাদ বিরোধী, আবরার ফাহাদের চেতনাকে ধারণ করি, তারা অবশ্যই রাজপথে থাকব। রাজপথে থেকে আওয়ামী লীগের সকল অপতৎপরতাকে মোকাবিলা করব।

আবরার ফাহাদের চেতনা প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, আবরার ফাহাদের চেতনা বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে। খুনি হাসিনা এবং শহীদ ওসমান হাদির আসামিদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত তার অবস্থান স্পষ্ট না করলে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না। এটিই তো আবরার ফাহাদের চেতনা। এই জন্যই তো আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছি। অতীতের রাখী বন্ধন ছিন্ন করে আমরা ভারতের সাথে সম্মান এবং মর্যাদার সম্পর্ক গড়তে চাই।

তিনি আরও বলেন, বিএনপি সরকার আবরার ফাহাদের চেতনা বাস্তবায়নে কাজ করছে। কুষ্টিয়ার শহীদ আবরার স্টেডিয়ামসহ সারা বাংলাদেশে বিভিন্ন স্থাপনাদি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে তার নামে হল করা হয়েছে। শহীদ আবরার ফাহাদ হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হবে, ইনশাআল্লাহ।

এ সময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।