News update
  • AI changing the way we think. Will we notice in time     |     
  • Bangladesh Urges Thailand to Buy More Pharma, Jute Products     |     
  • 6 Die in Lightning Strike at Pabna Wetland     |     
  • 2 children die with measles symptoms     |     
  • Bangladesh Gets Three More Years to Prepare for LDC Graduation     |     

শেরেবাংলার বড় অর্জন লাহোর প্রস্তাব ও ঋণ সালিশি বোর্ড গঠন

রাজনীতি 2026-10-30, 11:57pm

sher-e-bangla-ak-fazlul-huq-c02108c923f32f7d1275eaeb1a2cf8f21793383040.jpg

Sher-e-Bangla AK Fazlul Huq



শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৩টায় বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী বলেছেন, ১৯৪০ সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাব এবং ১৯৩৮ সালে ঋণ সালিশি বোর্ড গঠনের মাধ্যমে বাংলার কৃষকদের স্বার্থ রক্ষায় শেরেবাংলা এ কে ফজলুল হক অসামান্য অবদান রেখেছেন। এসব অবদানের জন্য বাংলার মানুষ তাঁকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী বলেন, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী থাকাকালে ঋণ সালিশি বোর্ড গঠনের মাধ্যমে শেরেবাংলা ঋণগ্রস্ত কৃষকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর উদ্যোগ বাংলার কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখেছে। তিনি বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক ছিলেন বাংলার মাটি ও মানুষের নেতা। বাংলার মানুষের স্বার্থ রক্ষায় তিনি ছিলেন আপসহীন। কলকাতার আনন্দবাজার ও সমমনা পত্রিকাগুলোর সমালোচনা প্রসঙ্গে শেরেবাংলার বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, এসব পত্রিকা যখন তাঁর সমালোচনা করত, তখন তিনি মনে করতেন, বাংলার মানুষের স্বার্থ রক্ষায় কাজ করছেন। আর যখন তারা তাঁর প্রশংসা করত, তখন তাঁর মনে হতো, তিনি বাংলার মুসলমানদের স্বার্থের বিপক্ষে কাজ করছেন। তাঁর এই অবস্থান বাংলার মানুষের প্রতি দায়বদ্ধতা ও রাজনৈতিক দৃঢ়তার পরিচায়ক।

১৯৪০ সালে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে শেরেবাংলা এ কে ফজলুল হকের উপস্থিতি ও জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে ধরে মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী বলেন, শেরেবাংলা ছিলেন গণমানুষের নেতা। তাঁর ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা ছিল অসাধারণ। বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, মুসলিম লীগ সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কৃষক-প্রজার অধিকার প্রতিষ্ঠা ও বাংলার রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান অনস্বীকার্য।

বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব, সাংগঠনিক সম্পাদক এস আই ইসলাম মিলন, অ্যাডভোকেট মোহাম্মদ জসিমউদ্দিন, সহসভাপতি শেখ আব্দুল কাইয়ুম, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডা. হাজেরা বেগম, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, দপ্তর সম্পাদক খন্দকার জিল্লুর রহমান, কেন্দ্রীয় নেতা আবদুল খালেক, খন্দকার জিয়াউদ্দিন এবং ঢাকা মহানগরীর নেতা মোহাম্মদ হামিম নাজমীসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে শেরেবাংলা এ কে ফজলুল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। - প্রেস বিজ্ঞপ্তি