News update
  • EC Plans First-Phase Elections in 1,050 Union Parishads     |     
  • Rohingya crisis now a security concern for Bangladesh: Shama     |     
  • Hasina Is a Convict, Legal Steps Underway to Bring Her Back     |     
  • Nearly 300 families perish in road crashes in 6 years 10 months: RSF     |     
  • Earth Gets a Tiny New Mini-Moon Until December     |     

৭ নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব না হলে দেশ আরেকটি কাশ্মীর অথবা সিকিমে পরিণত হতো

রাজনীতি 2026-11-07, 7:37pm

bml-logo-3-5d7947aceb91f971182ae86761291c3f1794070525.jpg

BML Logo



ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ আজ শনিবার বিকেল ৩টায় পল্টনস্থ মুসলিম লীগের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। দলীয় সভাপতি অধ্যক্ষ জুবেইদা কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন আবুড়ী। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলীয় মুখপাত্র জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সাংগঠনিক সম্পাদক এসআই ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন, শেখ আব্দুল কাইয়ুম, মহিলা মুসলিম লীগের সভানেত্রী ডাক্তার হাজেরা বেগম, অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক, খন্দকার জিয়াউদ্দিন এবং ঢাকা মহানগর নেতা মো. হামিম নাজমী।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ জুবেইদা কাদের চৌধুরী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করে না আনলে বাংলাদেশ আরেকটি কাশ্মীর অথবা সিকিমে পরিণত হতো। ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোন অবস্থায় ছিল, তা গোটা দেশবাসী প্রত্যক্ষ করেছে। তিনি বলেন, ৩ নভেম্বর জিয়াউর রহমানকে বন্দি করে খালেদ মোশাররফ সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে ৭ নভেম্বর সকাল পর্যন্ত পুরো বাংলাদেশ এক ঘোর অমানিশার মধ্যে দিনাতিপাত করছিল। এমন এক সংকটময় পরিস্থিতিতে আমাদের বীর সৈনিকরা ঐতিহাসিক সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করে আনেন।

অধ্যক্ষ জুবেইদা কাদের চৌধুরী আরও বলেন, সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানের মুক্তির খবরে গোটা দেশবাসী যে আনন্দে উদ্বেলিত হয়েছিল, তা যারা প্রত্যক্ষ করেননি, তাদের পক্ষে সেই অনুভূতি উপলব্ধি করা কঠিন। বলা যায়, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর দেশজুড়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, অনেকটা তেমনই আনন্দ ও উচ্ছ্বাস দেখা গিয়েছিল ১৯৭৫ সালের ৭ নভেম্বর।
তিনি সেই সময়ের জনসমাগমের স্মৃতিচারণ করে বলেন, আশ্চর্যের বিষয় হলো, বাস, ট্রাক ও পিকআপের মালিকরা রাস্তায় তাঁদের পরিবহন ছেড়ে দিয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ সেসব পরিবহনে ও রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছিলেন। তাঁদের স্লোগান ছিল জেনারেল জিয়া জিন্দাবাদ্, সিপাহী বিপ্লব অমর হোক। তখন ঢাকায় বর্তমান সময়ের মতো এত জনসংখ্যাও ছিল না। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং যাঁদের ত্যাগ ও অবদানে ঐতিহাসিক সিপাহী বিপ্লব সফল হয়েছিল, তাঁদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়।