News update
  • UN Climate Talks collapse over fossil fuel phaseout, warming limit deadlock     |     
  • Bangladesh Plans Major Changes to Bank Board Rules     |     
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’!

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-11-21, 10:10am

img_20261121_100941-b3277afd84fefd441a1a2b9cbe7c221c1795234205.jpg




মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। চতুর্থ স্টেজে পৌঁছে গেছে তার ক্যানসার।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের শারীরিক এই অসুস্থতার কথা নিজ মুখেই জানান বিদেশে পলাতক শামীম ওসমান।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতা টকশোতে বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।’

নিজের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ‘কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’

তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলে মনে করেন শামীম ওসমান। তবে এ নিয়ে তাদের খুশি না হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অতীতে নিজের ওপর একাধিকবার হামলা ও হত্যাচেষ্টার কথাও উল্লেখ করেন।

নিজের অসুস্থতার পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতি তার ব্যক্তিগত অসুস্থতার চেয়েও বেশি উদ্বেগজনক। বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগও তোলেন তিনি।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতার প্রসঙ্গে শামীম ওসমান বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি ও পকেট কমিটির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে। কেন্দ্রের ভুলের পাশাপাশি বিভাজনের রাজনীতিও দলকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে।

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন শামীম ওসমান। তিনি বলেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখে কৃতজ্ঞ থাকবেন। আর যদি বেঁচে না থাকি, তাহলে সেই আফসোস থেকে যাবে।

২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন শামীম ওসমান। পরে গোপনে পালিয়ে যান দেশের বাইরে। তার বিরুদ্ধে বর্তমানে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার পাশাপাশি বিভিন্ন মামলার বিচার চলছে।