News update
  • 1,000 runners join ‘Beautiful BD Run Season-2’ at Hathirjheel     |     
  • Revenue Collection Faces Tk98,000 Crore Shortfall     |     
  • Nuclear Risks Test Global Pact at UN Talks Next Week     |     
  • Iran Rejects Direct US Talks as Envoys Head to Islamabad     |     
  • Pricing pollution: Does it work?     |     

বিএনপির গণঅবস্থান কর্মসূচি আজ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2023-01-11, 9:08am

resize-350x230x0x0-image-206847-1673405649-51ae0b0e20137d1f5f801192f4c9fb501673406522.jpg




সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোট ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আজ একযোগে গণঅবস্থান কর্মসূচি পালন করবে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করবে বিএনপি এবং সমমনা ৫৩ রাজনৈতিক দল ও সংগঠন। এরমধ্যে রাজধানীর ৭ স্থানে গণঅবস্থান করবে দলগুলো।

বিএনপি জানায়, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে। আজকের গণঅবস্থান তাদের দ্বিতীয় যুগপৎ কর্মসূচি।

রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে বিএনপি, জাতীয় প্রেসক্লাবের দুই প্রান্তে সাতদলীয় জোট ‘গণতন্ত্র মঞ্চ ও বাম গণতান্ত্রিক ঐক্যজোট, বিজয়নগরে পানির ট্যাংকের পাশে ১২-দলীয় জোট, তেজগাঁও এফডিসি-সংলগ্ন অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও গণফোরাম আরামবাগে অবস্থান নেবে।

তবে জামায়াতে ইসলামী গণঅবস্থান না করে দেশের সব মহানগরে আলোচনা সভা করবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

বিবৃতিতে তিনি জানান, ওয়ান-ইলেভেনের এ দিনটিকে তারা ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে পালন করবে। দেশের সব মহানগরী শাখায় আলোচনা সভা হবে।

ঢাকাসহ ১০ বিভাগীয় শহরগুলোতেও একযোগে গণঅবস্থান পালিত হবে এবং সরকারকে নতুন বার্তা দেবে বিএনপি।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। পুলিশের অনুমতিও আমরা পেয়েছি। শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন হবে বলে জানান তিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।