News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

সকাল থেকেই বিএনপি কার্যালয়ে ঝুলছে তালা

গ্রীণওয়াচ ডেক্স রাজনীতি 2023-10-29, 12:18pm




রাজধানী ঢাকাসহ সারাদেশে বিএনপির ডাকা হরতাল চলছে। অন্যদিকে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা।

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলতে দেখা গেছে। এ ছাড়া সেখানে দলটির কোনো নেতাকর্মীকেও দেখা যায়নি।

বিএনপির কার্যালয়ের সামনে সতর্ক অবস্থনে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। দলটির কার্যালয় বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা।

এ বিষয়ে পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার গোলাম রুহানি বলেন, যেহেতু নয়াপল্টন ও আশপাশের এলাকায় অরাজকতা হয়েছে, তাই পুরো অঞ্চলটিকেই ‘ক্রাইম সিন অঞ্চল’ ঘোষণা করা হয়েছে। আর যে অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে, সেখান থেকেই মূলত হামলার নির্দেশনা এসেছিল ও ককটেলের সরবরাহ হয়েছিল। এ কারণে এই অংশটি বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, শনিবারের সহিংসতায় এক হাজারেরও বেশি ককটেল ব্যবহার করে পুলিশের ওপর হামলা ও সহিংসতা হয়েছে বলে ধারণা করছি। সেই আলামতগুলো সিআইডি সংগ্রহ করছে।

বিএনপি-জামায়াতের হরতাল থাকায় এদিন শুধু নয়াপল্টন নয়, পুরো ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে, অলি-গলিতে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা।

এর আগে, সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছিল বিএনপি। সমাবেশ শুরু হওয়ার এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে দলটির নেতাকর্মীরা। এতে সমাবেশ পণ্ড হয়ে যাওয়ায় রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। তথ্য সূত্র আরটিভি নিউজ।