News update
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     

দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ : মির্জা ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-01-10, 8:18pm

sdffwerw-b24d54d8cbd1ff14c3ed6415b043549e1736518680.jpg




রাজধানীতে পল্লবীর সিটি ক্লাব মাঠে আজ শুক্রবার জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্রীড়াঙ্গন তার বড় উদাহরণ। এই অঙ্গনটিকেও দলীয়করণ করেছে তারা। ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি আওয়ামী লীগ।

শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

আওয়ামী লীগের আমলে ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়নি অভিযোগ করে বিএনপির মহাসচিব আরও বলেন, এখন মেধার চর্চা হবে। সবাই যেন সুযোগ পায়। ভালো খেলোয়াড়দের বের করে আনতে হবে। ক্রিকেট এখন খুব নাম করছে। কিন্তু এক সময় ফুটবল ছিল খুব জনপ্রিয় খেলা।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, খেলোয়াড়দের মন হয় উদার, মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশ্যও এটি। তরুণ সমাজের মাদক পরিহার করে খেলাধুলায় মনোযোগী হতে হবে। 

ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, আরাফাত রহমান কোকোর ক্রিকেটে বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে যে উৎকর্ষ সাধিত হয়েছে তার ভিত্তি কোকোর হাত ধরেই হয়েছে। এই টুর্নামেন্ট সারাদেশে ছড়িয়ে দিতে হবে। খেলাধুলা করে সমাজকে গড়ে তুলতে হবে। সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে পারে সেই কামনা করি।

খেলার শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট প্রধান আহ্বায়ক আক্তার হোসেন ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।