News update
  • Plea for an urgent patriotic plan to overcome energy crisis     |     
  • Sher-e-Bangla was leader of all communities: PM     |     
  • Lightning Strikes Kill 12 Across Bangladesh     |     
  • War Fallout: Urge to Revive Strategic Autonomy of President Zia      |     
  • Trump cancels Pakistan talks trip, says Iran war on hold     |     

টিকা নেয়া শিশুরাও হামে আক্রান্ত

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2026-04-27, 1:02am

9c5a10bb7fd99bc371ffc0d3792cd027880d9f51de07a8c5-55ce688bf94cdc332fd3e6ad941b94db1777230141.jpg




দেশে হাম সংক্রমণের সঙ্গে বাড়ছে নতুন জটিলতা। টিকা নেয়া শিশুরাও আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন, কোনো টিকাই শতভাগ কার্যকর নয়। তাই টিকা নেয়ার পরও সচেতন থাকতে হবে। এদিকে, আগের তুলনায় সংক্রমণ পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।

ডিএনসিসি হাসপাতালের শিশু ওয়ার্ডজুড়ে শিশুর কান্না আর স্বজনের উৎকণ্ঠা। একপাশে মাহিন, সিফাত, আয়াত, সুমাইয়ারা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে। অন্যপাশে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় ৪ মাসের আরেক শিশুকে আইসিইউতে যেতে হবে।

এমন অবস্থায় নতুন নতুন জটিলতা নিয়ে অভিভাবকদের শঙ্কা বাড়ছে। টিকা নেয়ার পর পরই আক্রান্ত হয়েছে অনেকে।

শিশুদের অভিভাবকরা বলেন, টিকা দেয়ার পর থেকেই জ্বর দেখা দিয়েছে। মিটফোর্ড থেকে এখানে পাঠিয়েছে। চিকিৎসক দেখে ওষুধ লিখে দিয়েছেন। বলেছেন, খাওয়ানোর পর র‌্যাশ বের হলে নিয়ে আসবেন। খাওয়ানোর একদিন পর র‌্যাশ বের হয়েছে। এখন ভর্তি রেখেছে।

চিকিৎসকেরা বলছেন, কোনো টিকাই শতভাগ কার্যকর নয়। তাই টিকা নেয়ার পরও সচেতন থাকতে হবে। সঙ্গে অতিরিক্ত গরম হামে আক্রান্তদের জটিলতা বাড়াচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা।

চিকিৎসক বলেন, টিকা দেয়ার পরও বাচ্চাদের জন সমাগম থেকে দূরে রাখতে হবে। জ্বর আসার সাথে সাথে সেই বাচ্চাকে আইসোলেট করে ফেলতে হবে।

কোনো পরিবারে একজন হামে আক্রান্ত হলে কিংবা জ্বর হলে সঙ্গে সঙ্গে আইসোলেশনে রাখার পরামর্শ চিকিৎসকদের।