
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বাস ভাড়া প্রতিকিলোমিটারে সর্বোচ্চ ১৫ পয়সা বাড়ানোর প্রস্তাব করেছে যাত্রী কল্যাণ সমিতি। এটা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির মহাসচিব মো. মোজাম্মেল হক। তিনি বলেন, ভাড়া বাড়াতে হবে যৌক্তিক হারে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
যাত্রীদের দরকষাকষি বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিক সমিতির একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
মোজাম্মেল হক বলেন, ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পাঁয়তারা বন্ধ করতে হবে। সব স্টেক হোল্ডারের সম্মতিতে যৌক্তিক হারে বাস ভাড়া নির্ধারণ করতে গণশুনানির প্রস্তাব করেন তিনি। এ সময় একচেটিয়া বাস ভাড়া বৃদ্ধি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন যাত্রী কল্যাণ সমিতির নেতারা।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। নতুন নির্ধারিত এই দাম গতকাল রোববার (১৯ এপ্রিল) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার জ্বালানি তেলের নতুন দাম অকটেন প্রতি লিটার ১৪০ টাকা, পেট্রল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন প্রতি লিটার ১৩০ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা। তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গেই পরিবহনের ভাড়া বাড়ানোর তোড়জোড় শুরু হয়ে যায়। ভাড়া বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে, যা এখনও চূড়ান্ত হয়নি।
এর আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে জ্বালানি তেলের দাম একলাফে অনেক বেড়ে যায়। সে সময় তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় পরিবহন ভাড়াও।
গত ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম ৮০ টাকা থেকে বেড়ে ১১৪ টাকা লিটার হওয়ার পর, নগর পরিবহনের বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছিল সরকার। দূরপাল্লায় ৫১ আসনের বাসের ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করে। যদিও এতে ৪০ আসনের বাসের ভাড়া হয় কিলোমিটারে ২ টাকা ৮৬ পয়সা।
২০২২ সালে সেবার লিটারে ডিজেলের দাম ৩৪ টাকা বাড়ায় বাস ভাড়া বেড়েছিল ৩৫ থেকে ৪০ পয়সা। পরবর্তীতে ডিজেলের দাম লিটারে ১৪ টাকা কমলে ভাড়া কমে ৫ থেকে ৮ পয়সা। বর্তমানে নগর পবিহনে বাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা। দূরপাল্লায় ৫১ আসনের বাসে ভাড়া ২ টাকা ১২ পয়সা নেয়া হচ্ছে।