News update
  • Govt Committed to Making Bangladesh a Dignified Nation: PM     |     
  • Rights Groups Urge Sanctions on Myanmar After ICJ Ruling     |     
  • PM Pays Tribute at Shikha Anirban on Armed Forces Day     |     
  • COP31 Nations Push for Fossil Fuel Action, More Finance     |     
  • WFP Seeks $12.1bn to Feed 91 Million People in 2027     |     

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলায় ৭ জন নিহত, আহত ১০

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-10-23, 9:34pm

jrddaan_girjaayy_haamlaa_thaamb-07d694c448502ac06cecd84ab3a885041792769687.jpg




জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, কারাক স্বায়ত্তশাসিত অঞ্চলের হামুদ গ্রামে একটি গ্রীক অর্থোডক্স গির্জা প্রাঙ্গণে ঢুকে দুজন হামলাকারী অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে।

অধিদপ্তরটি জানায়, হামলায় অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিবৃতিতে আরও বলা হয়, বন্দুকধারীরা একটি গাড়ি থেকে নেমে শেষকৃত্যের শোভাযাত্রা চলাকালে নির্বিচারে গুলি চালায়। অপরাধীদের ধরতে বর্তমানে চিরুনি অভিযান চালানো হচ্ছে।

সরকারি যোগাযোগ মন্ত্রী মোহাম্মদ আল-মোমানি জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে।

জর্ডানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'আল-মামলাকা'-কে এক প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারীদের বহনকারী একটি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তারা পালিয়ে যাওয়ার আগে টানা পাঁচ মিনিট ধরে গুলি চালাতে থাকে।

ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, ঘটনার সময় গির্জা ও তার আশেপাশে প্রায় ১৫০ থেকে ২০০ মানুষ উপস্থিত ছিলেন এবং হতাহতদের বেশিরভাগেরই বয়স ছিল ৫০ থেকে ৭০ বছরের মধ্যে।

উল্লেখ করা যেতে পারে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ জর্ডানের কারাক অঞ্চলটিতে উল্লেখযোগ্যসংখ্যক খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস রয়েছে।